নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল কালাম আজাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। পাশাপাশি তাঁকে নির্বাচনের আচরণবিধি মেনে চলতে অধিকতর সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়।
পাবনা জেলা নির্বাচন ও ঈশ্বরদী পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম গতকাল সোমবার বিকেলে এক চিঠিতে আবুল কালাম আজাদকে এই অনুরোধ করেন। এর আগে বিএনপির প্রার্থীকেও সতর্কীকরণ চিঠি দেওয়া হয়েছিল।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আবুল কালাম আজাদের বিরুদ্ধে গত রোববার একটি লিখিত অভিযোগপত্র উপজেলা নির্বাচন কার্যালয়ে জমা দেন বিএনপির মেয়র প্রার্থী মকলেছুর রহমান। পরে নির্বাচন অফিস থেকে আবুল কালাম আজাদের কাছে ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাটির ব্যাখ্যা চাওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যেই গতকাল সকালে তিনি এর জবাব দেন।
অভিযোগে বলা হয়, পৌরসভা নির্বাচনের তফশিল ঘোষণার পর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত আওয়ামী লীগ-মনোনীত প্রার্থী নির্বাচনী আচরণবিধি ধারাবাহিকভাবে লঙ্ঘন করেছেন।
রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আবুল কালাম আজাদ দ্রুত অভিযোগের জবাব দিয়েছেন। তাঁর জবাব সন্তোষজনক। তবে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য তাকে অধিকতরভাবে নির্বাচন আচরণবিধি মেনে চলতে গতকাল বিকেলে একটি সতর্কীকরণ চিঠি দেওয়া হয়েছে।