দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আইনুল হক চৌধুরী কেন্দ্র দখল করে প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে বিজয়ী হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লিটন চন্দ্র মণ্ডল এ অভিযোগ করেন। এ বিষয়ে লিটন চন্দ্র গত রোববার জেলা নির্বাচন কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।
লিটন চন্দ্র অভিযোগ করেন, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে বিজয়ী প্রার্থী আইনুল হক চৌধুরীর প্রাপ্ত ভোট দেখানো হয়েছে ৪ হাজার ৯৬২। তাঁর (লিটন চন্দ্র) ভোট দেখানো হয়েছে ৪ হাজার ৮৫৮। নির্বাচনের দিন চিলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনার আগে আইনুল হক কেন্দ্র দখল করে নেন। ওই কেন্দ্রে আইনুল হকের প্রাপ্ত ভোট ১ হাজার ৯৮৮ দেখানো হলেও তাঁর প্রাপ্ত ভোট দেখানো হয় মাত্র ৪০। শুধু তা-ই নয়, ওই কেন্দ্রের ২ হাজার ২৪৭ ভোটের মধ্যে সাধারণ ও সংরক্ষিত নারী সদস্য পদে যেখানে ভোট পড়েছে ১ হাজার ৯৪০টি, সেখানে চেয়ারম্যান পদে ২ হাজার ১৪৬টি পড়েছে বলে দেখানো হয়েছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে চেয়ারম্যান পদে আইনুলের ২০৬ ভোট বেশি দেখানো হয়েছে।
লিটন আরও অভিযোগ করে বলেন, আফতাবগঞ্জ কলেজ কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার দেওয়া ফল অনুযায়ী তাঁর ভোট দেখানো হয় ১ হাজার ২২২ ও কেন্দ্রে বাতিল ভোট দেখানো হয় ৪৫টি। অথচ ফলাফল ঘোষণার সময় তাঁর ভোট দেখানো হয় ১ হাজার ১২২ এবং বাতিল ভোট দেখানো হয় ৬২টি। এ বিষয়ে অভিযোগ দিলে তাঁর ভোট ১০০ বাড়িয়ে ১ হাজার ২২২ দেখানো হয়।
আইনুল হক চৌধুরী কেন্দ্র থেকে লিটনের লোকজনকে বের করে দেওয়া ও প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে যোগসাজশের অভিযোগ অস্বীকার করেছেন। চিলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা দাউদপুর ডিগ্রি কলেজের প্রভাষক মঞ্জুরুল আলীমও তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
রিটার্নিং কর্মকর্তা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক বলেন, ফলাফল ঘোষণার সময় ভোটের যোগফল করতে কিছুটা ভুল হয়েছিল। পরে তা সংশোধন করা হয়েছে।