আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভায় আওয়ামী লীগ-মনোনীত মেয়র প্রার্থী ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে নির্বাচনী কার্যালয় ও প্রচার মাইক ভাঙচুর, পোস্টার ছেঁড়া, কর্মী-সমর্থকদের মারপিট ও অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী আবদুর রহিম গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার কান্দাপাড়ায় তাঁর নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী শাহজাদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি (বর্তমানে বহিষ্কৃত) আবদুর রহিম অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আমাকে শাহজাদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী হিসেবে মনোনয়ন প্রদানের জন্য কেন্দ্রে তালিকা পাঠানো হয়। কিন্তু একটি মহল আমাকে মনোনয়নবঞ্চিত করে একজন অজনপ্রিয় ব্যক্তিকে কেন্দ্র থেকে মনোনয়ন প্রদান করে, যিনি কিছুতেই নির্বাচনে বিজয়ী হওয়ার যোগ্যতা রাখেন না। দলের ৯০ শতাংশ কর্মী আমার পক্ষে থাকায় আমি নির্বাচনে থেকে যাই। কিন্তু আওয়ামী লীগ-মনোনীত প্রার্থী হালিমুল হক জনগণের সাড়া না পেয়ে বিভিন্নভাবে আমাকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার জন্য তৎপরতা শুরু করেন। এরই ধারাবাহিকতায় তাঁর লোকজন আমার কর্মী-সমর্থকদের মারপিট করছেন। আমার নির্বাচনী পোস্টার লাগানোর সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলা হচ্ছে। গত মঙ্গলবার রাতে মনিরামপুর বাজারে আমার প্রচার মাইক ভেঙে ফেলা হয়েছে, তালতলায় আমার নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়েছে।’ তিনি দাবি করেন, হালিমুল হকের লোকজন বিভিন্ন জায়গায় অস্ত্র প্রদর্শন করছেন। ইতিমধ্যেই দুটি জায়গায় গুলিবর্ষণ করে ত্রাসের সৃষ্টি করেছেন। এ অবস্থায় কিছুতেই সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়।
এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য প্রধানমন্ত্রী ও প্রধান নির্বাচন কমিশনারের হস্তক্ষেপ কামনা করে আবদুর রহিম বলেন, প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে দলীয় মনোনয়ন নিয়ে এখন তাঁকে ও দলীয় প্রতীককে বিতর্কিত করা হচ্ছে। কিন্তু প্রশাসনের কাছে অভিযোগ করা হলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না।
এ বিষয়ে শাহজাদপুর পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আলী হোসেন বলেন, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হালিমুল হককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।