মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী একটি ‘মহলের’ বিরুদ্ধে তাঁর সম্পর্কে ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টির অভিযোগ করেছেন। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বিকেল চারটার দিকে পৌর শহরের উত্তর বাজার এলাকায় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী এ কে এম সফি আহমদ সলমান বলেন, ‘কুলাউড়া পৌর শহরকে সুন্দর করার দীর্ঘদিনের ইচ্ছা থেকেই নির্বাচনে প্রার্থী হয়েছি। এরই মধ্যে একটি মহল আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। আমাকে ভোট দিলে ভোটাররা কতটুকু নিরাপদ থাকবে—এ ধরনের কথা বলে আমার সম্পর্কে তাঁরা ভোটারদের মধ্যে ভীতির সৃষ্টি করছেন। আমার সম্পর্কে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। মানুষকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের প্রার্থী দাবি করেন, নির্বাচনে ‘বিদ্রোহী’ প্রার্থী থাকলেও আওয়ামী লীগসহ এর সহযোগী সংগঠনের সব নেতা-কর্মী তাঁর সঙ্গে আছেন।
অনুষ্ঠানে উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক ও সদর ইউপির চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান উপস্থিত ছিলেন।