বগুড়ার শেরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবদুস সাত্তারের ব্যাংকঋণের পরিমাণ বেড়েছে প্রায় ১ কোটি টাকা। অন্যদিকে বিএনপির প্রার্থী স্বাধীন কুমার কুণ্ডু চারটি ফৌজদারি মামলার আসামি। স্বাধীন ও তাঁর স্ত্রীর নামে আছে ৭৫ ভরি সোনা।
শেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী চারজন। ২০১১ সালের ১২ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আবদুস সাত্তার ও স্বাধীন কুমার কুণ্ডু প্রতিদ্বন্দ্বী ছিলেন। সে সময় স্বাধীন কুমার নির্বাচিত হন। এবারও তাঁরা নিজ নিজ দল থেকে মনোনয়ন পেয়েছেন। আবদুস সাত্তার শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং মেয়র স্বাধীন কুমার কুণ্ডু পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক। এ পৌরসভায় তাঁরা দুজন ছাড়া ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আবুল হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের মো. এমরান কামাল মেয়র পদে লড়ছেন।
প্রার্থীদের দুবারের হলফনামা তুলনা করে জানা গেছে, আবদুস সাত্তার তাঁর নামে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের বগুড়া শাখায় চলতি ঋণ হিসাবে উল্লেখ করেছেন ১ কোটি ১৪ লাখ ৪৬ হাজার টাকা। গত পৌরসভা নির্বাচনের সময় এর পরিমাণ ছিল ৮ লাখ টাকা। আবদুস সাত্তার বলেন, ব্যবসার পরিধি বাড়ায় তাঁর ব্যাংকঋণ বেড়েছে।
এবারের হলফনামা থেকে আরও জানা গেছে, আবদুস সাত্তারের বয়লার ও রাইস মিল রয়েছে। শিক্ষাগত যোগ্যতায় তিনি বিএ পাস। কৃষি খাত থেকে তাঁর বছরে আয় ২৬ হাজার টাকা ও ব্যবসা থেকে আয় ৩ লাখ ২৪ হাজার টাকা। হাতে নগদ ৩০ হাজার টাকা আর ১৪ লাখ ৫০ হাজার টাকার গাড়ি আছে। নিজের নামে ১০ বিঘা জমিসহ পৈতৃক সূত্রে পাওয়া বাড়ি আছে তাঁর নামে।
অন্যদিকে এবারের হলফনামায় স্বাধীন কুমার কুণ্ডু উল্লেখ করেছেন তাঁর নামে ২৫ ভরি ও তাঁর স্ত্রীর নামে ৫০ ভরি সোনা আছে। গতবার তাঁর নামে ২০ ভরি ও স্ত্রীর নামে ৩০ ভরি সোনা ছিল। স্বাধীন বলেন, তাঁর স্ত্রীর নামে ব্যবসা রয়েছে। ব্যবসার আয় থেকে স্বর্ণালংকার করা হয়েছে।
স্বাধীন হলফনামায় উল্লেখ করেছেন, যৌথ মালিকানায় তাঁর কেব্ল নেটওয়ার্ক ব্যবসা রয়েছে। ব্যবসার আয় থেকে নির্বাচনী ব্যয় মেটাবেন। তিনিও বিএ পাস। তাঁর নামে চারটি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। এর আগে তাঁর নামে আরও আটটি মামলা ছিল। সেগুলো নিষ্পত্তি হয়ে গেছে। ব্যবসায় তাঁর পুঁজি ১৪ লাখ ৩৫ হাজার টাকা। ব্যবসা ও বেতন মিলিয়ে বছরে তাঁর আয় প্রায় সাড়ে ৩ লাখ টাকা। তাঁর স্ত্রীর নামে ১৮ লাখ ৬৫ হাজার টাকাসহ আছে ২ লাখ টাকার ইলেকট্রিক সামগ্রী ও আসবাব। এ ছাড়া, দান ও ক্রয়সূত্রে তিনি ৪৬ শতক অকৃষি জমির মালিক।
অপরদিকে মেয়র প্রার্থী আবুল হোসেন রাষ্ট্রবিজ্ঞান থেকে স্নাতকোত্তর পাস। নির্বাচনে সম্ভাব্য ব্যয় করবেন চাকরির বেতন ও সঞ্চয় থেকে। অস্থাবর সম্পত্তি রয়েছে ১১ লাখ ৬০ হাজার টাকার। এ ছাড়া তাঁর স্ত্রীর নামে ১০ ভরি সোনা আছে। স্থাবর ৩ শতাংশ সম্পত্তিতে তাঁর যৌথ মালিকানায় বাড়ি রয়েছে।
আরেক মেয়র পদপ্রার্থী মো. এমরান কামালের রয়েছে জুয়েলারি ব্যবসা। শিক্ষাগত যোগ্যতায় তিনি এইচএসসি পাস। কৃষি খাতে তাঁর বছরে আয় ১০ হাজার টাকা ও ব্যবসায় ২ লাখ ৩০ হাজার টাকা। হাতে নগদ ও ব্যাংকে জমার পরিমাণ প্রায় দেড় লাখ টাকা। স্থাবর সম্পত্তির মধ্যে আছে কৃষিজমি এক বিঘা ও আধাপাকা বাড়ি দুই শতক। দায়দেনা আছে ৩ লাখ টাকা।