বরিশালের উজিরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নয় প্রার্থী থেকে একক প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে জেলা আওয়ামী লীগ। এদিকে উপজেলা বিএনপির কয়েকজন নেতাও নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছেন। তবে তাঁরা দলের নির্দেশের অপেক্ষায় রয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী সূত্রে জানা গেছে, মনোনয়ন পেতে গত শুক্রবার রাত আটটা থেকে উপজেলার শিকারপুর ডিগ্রি কলেজ মাঠে জড়ো হতে থাকেন মনোনয়নপ্রত্যাশী নয় প্রার্থী। তাঁদের কর্মী-সমর্থকেরা পৃথকভাবে তাঁদের পক্ষে মহড়া দেন। নিজ নিজ প্রার্থীর পক্ষে স্লোগান দিতে থাকেন তাঁদের সমর্থকেরা। পরে সেখানে বৈঠক হয়। বৈঠকে জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহ, সাধারণ সম্পাদক সাংসদ তালুকদার মো. ইউনুস প্রমুখ অংশ নেন। এ সময় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে তাঁরা পৃথকভাবে কথা বলেন। এ ছাড়া উপজেলার সব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকদের সঙ্গে কথা বলে রাত দুইটার দিকে একক প্রার্থীর নাম ঘোষণা করেন সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহ।
সাংসদ তালুকদার মো. ইউনুস বলেন, উপজেলা যুবলীগের সভাপতি গিয়াসউদ্দিন ব্যাপারীকে দলের পক্ষে মনোনয়ন দেওয়া হয়েছে।
এদিকে জেলা দক্ষিণ বিএনপির সভাপতি এবায়দুল হক চান বলেন শুধু উজিরপুর নয়, সব পৌর নির্বাচনের প্রস্তুতি তাঁদের আছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকাও করা হয়েছে। নির্বাচনে যেতে কেন্দ্র থেকে কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। ওই শর্ত পূরণ হলেই প্রার্থী চূড়ান্ত করা হবে।