আ.লীগ প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে সরকারি গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনা-২
বরগুনা-২

বরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া শওকত হাচানুর রহমান ওরফে রিমন গত বুধবার পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন। কিন্তু এখনো উপজেলা চেয়ারম্যানের গাড়ি ও বাড়ি ব্যবহার করছেন তিনি।
গত বৃহস্পতিবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে উপজেলা চেয়ারম্যানের সরকারি গাড়ি (বরিশাল-ঘ ১১-০০-৪৭) ব্যবহার করে শওকতের পক্ষে পাথরঘাটার চারটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বামনা ও বেতাগী উপজেলায় মনোনয়নপত্র দাখিল করতে যান। একই গাড়ি নিয়ে গতকাল শুক্রবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করতে যান শওকত।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের কর্মকর্তারা জানান, বরগুনা-২ আসনে সংসদ সদস্যপদে উপনির্বাচনে অংশগ্রহণের জন্য শওকত গত বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গিয়ে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। এরপর নিয়মানুযায়ী ইউএনওর কাছে দায়িত্ব হস্তান্তরের কথা থাকলেও তিনি তা করেননি।
পাথরঘাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সিকদার গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, এখন পর্যন্ত শওকত হাচানুর রহমান দায়িত্ব হস্তান্তর করেননি এবং সরকারি বাড়িও ছাড়েননি।
উপজেলা চেয়ারম্যানের গাড়ি নিয়ে যাওয়া প্রসঙ্গে জাকির বলেন, ‘গাড়ি শওকতের বাসায় থাকে। এখন তিনি ওই গাড়ি নিয়ে টুঙ্গিপাড়ায় গেছেন কি না, তা আমার জানা নেই।’
পাথরঘাটার ইউএনও শওকত হোসেন সরকার বলেন, ‘গাড়ি নেওয়ার বিষয়টি আমার জানা নেই।’ উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কোনো নির্দেশনা পাইনি। হয়তো রোববার মন্ত্রণালয়ের চিঠি পাওয়া যাবে।’
গতকাল বিকেলে শওকত হাচানুরের কাছে উপজেলা চেয়ারম্যানের গাড়ি নিয়ে টুঙ্গিপাড়ায় যাওয়ার বিষয়ে প্রশ্ন করলে তিনি প্রথমে কিছুটা বিব্রত হন। পরক্ষণে তিনি অস্বীকার করে বলেন, ‘আমি মাইক্রোবাস নিয়ে এসেছি।’
এর আগে বৃহস্পতিবার সকালে পাথরঘাটা উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার কিছুক্ষণ আগেও সরকারি গাড়ি ব্যবহার করেন শওকত। বিকেলে তাঁর পক্ষে পাথরঘাটার চার ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, আসাদুজ্জামান, রফিকুল ইসলাম ও হুমায়ুন কবির বামনা ও বেতাগী উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এ জন্য তাঁরা শওকতের উপজেলা পরিষদের গাড়ি ব্যবহার করেন।
উপনির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনয়ন পাওয়া সাবেক সাংসদ গোলাম সরোয়ার অভিযোগ করেন, শওকত গত বুধবার পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন। এর পরও তাঁর নির্বাচনী কাজে উপজেলা পরিষদের গাড়ি ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে।
উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, উপজেলা পরিষদের গাড়ি নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসা আচরণবিধির গুরুতর লঙ্ঘন। কিন্তু ইউপি চেয়ারম্যানরা পরিষদের গাড়ি নিয়ে এসেছিলেন কি না, তা তিনি দেখেননি।
অভিযোগের বিষয়ে মনোনয়নপত্র জমা দিতে যাওয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ইউপি চেয়ারম্যান হিসেবে উপজেলা পরিষদের গাড়ি ব্যবহারের এখতিয়ার তাঁদের আছে। তবে একপর্যায়ে উপজেলা চেয়ারম্যানের গাড়ি ব্যবহারের কথা অস্বীকার করে মিজানুর বলেন, ‘আমরা মোটরসাইকেলে করে মনোনয়নপত্র জমা দিয়েছি।’
সরকারি গাড়ি ব্যবহার করে মনোনয়নপত্র জমা দেওয়া প্রসঙ্গে শওকত হাচানুর রহমান বলেন, তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন। পরিষদের গাড়ি ব্যবহারও করেন না। পরিষদের গাড়ি ইউপি চেয়ারম্যানরা কীভাবে নিয়ে গেছেন, সেটা তিনি জানেন না।