আ.লীগ প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ
বরগুনা পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অব্যাহত রয়েছে। গতকাল শনিবার শহরের আবদুর রব সেরনিয়াবাত সড়কে (সদর রোড) বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করে বিভিন্ন সংগঠন।
এর আগে অন্য মনোনয়নপ্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন কবির ও তাঁর সমর্থকেরাও একই স্থানে মানববন্ধন করেন। গত মঙ্গলবার মনোনয়ন ঘোষণার পর থেকেই ওই বিক্ষোভ চলছে।
বেলা সাড়ে ১১টার দিকে বর্তমান মেয়র শাহাদাত হোসেনকে মনোনয়ন দেওয়ার দাবিতে শহরের আবদুর রব সেরনিয়াবাত সড়কে মানববন্ধন করে কাঁচা বাজার ব্যবসায়ী সমিতি, ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ইউনিয়ন, ছিন্নমূল সমিতি, মৎস্যজীবী সমিতির, রিকশা চালক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের লোকজন।
এর আগে এসব সংগঠনের লোকজন শহরে পৃথক বিক্ষোভ করে মানববন্ধনে যোগ দেন। সমাবেশে বক্তারা বলেন, বর্তমান মেয়র শাহাদাত হোসেন নিরলস পরিশ্রম করে গত পাঁচ বছরে বরগুনা শহরকে আধুনিক শহরে পরিণত করেছেন। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে তাঁর বিকল্প নেই। এ জন্য অবিলম্বে শাহাদাত হোসেনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান, অন্যথায় কঠোর আন্দোলনের হুমকি দেন তাঁরা।
এর আগে সকাল ১০টার দিকে একই স্থানে মানববন্ধন করেন আরেক মনোনয়নপ্রত্যাশী হুমায়ুন কবির ও তাঁর সমর্থকেরা। পরে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির অভিযোগ করেন, জনমত ও দলীয় নেতা-কর্মীদের মতামতের বাইরে গিয়ে অন্যায়ভাবে তাঁর মনোনয়ন কেড়ে নেওয়া হয়েছে।