আ.লীগ প্রার্থীর মিছিল থেকে বাসে হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় গত রোববার রাতে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর মিছিল থেকে যাত্রীবাহী একটি বাসে হামলা চালানো হয়। এতে বাসের কয়েকজন যাত্রী আহত হন। এ ঘটনায় আওয়ামী লীগের ওই মেয়র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এদিকে সুন্দরগঞ্জ পৌরসভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে রোববার রাতে পাঁচজন মেয়র প্রার্থী ও ১৬ জন কাউন্সিলর প্রার্থীকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গোবিন্দগঞ্জ পৌরসভার ঢাকা-রংপুর মহাসড়ক দিয়ে গত রোববার রাতে এ পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতাউর রহমানের কর্মী-সমর্থকেরা একটি মিছিল করছিলেন। মহাসড়কের গোবিন্দগঞ্জ হীরক সিনেমা হল মোড় এলাকায় ঐশ্বর্য পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস মিছিলের পাশ দিয়ে এগোতে থাকলে সেটিতে হামলা চালানো হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক মিছিল থেকে যাত্রীবাহী বাস ভাঙচুরের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হামলার সময় তিন থেকে চারজন যাত্রী সামান্য আঘাত পান। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
মেয়র প্রার্থী আতাউর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার সমর্থকেরা মিছিল করতে ছিল ঠিক। তবে তারা বাসে হামলা চালায়নি। আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কে বা কারা এটা করেছে।’
গোবিন্দগঞ্জের রিটার্নিং কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক বলেন, এই ঘটনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে শোডাউন করার অভিযোগে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতাউর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তবে কেউ ভাঙচুরের অভিযোগ না করায় এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়নি।
এদিকে সুন্দরগঞ্জ পৌরসভায় আচরণবিধি লঙ্ঘন করা প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবদুল্লাহ আল মামুনকে ২ হাজার, বিএনপির মেয়র প্রার্থী আজাদুল করিম প্রামাণিক, স্বতন্ত্র মেয়র প্রার্থী দেবাশীষ কুমার সাহা ও মাসুদ-উল ইসলাম এবং জাসদের মেয়র প্রার্থী শাহাদৎ হোসেনকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। এদিকে সাধারণ ও সংরক্ষিত আসনের ১৬ জন কাউন্সিলর প্রার্থীর প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হাই মিলটন এই জরিমানা আদায় করেন।
ইউএনও আবদুল হাই বলেন, পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেয়ালে পোস্টার সাঁটা ও পোস্টারে দুজনের অধিক ব্যক্তির ছবি ব্যবহার করায় এই জরিমানা করা হয়।