আ.লীগ প্রার্থীর মোটর শোভাযাত্রা প্রতিবাদে বিদ্রোহী প্রার্থীর মানববন্ধন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সারেংকাঠি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. নজরুল ইসলাম গতকাল শুক্রবার দুপুরে মোটর শোভাযাত্রা করেছেন।
ইউনিয়নের নাওয়ারার পুল থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে শুরু হওয়া শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সারেংকাঠি ইউপির বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. সায়েম অভিযোগ করেন, শোভাযাত্রা করার সময় তাঁর সমর্থক গোবিন্দগুহকাঠি গ্রামের ননী সেন, মুনিনাগ গ্রামের রাজির গুহ, নন্দলাল ও ঝন্টু মণ্ডলকে এলাকা ছাড়ার জন্য হুমকি দেন নজরুল ইসলামের কর্মীরা।
এদিকে আচরণবিধি লঙ্ঘন করে মোটর শোভাযাত্রা বের করা এবং কয়েকজনকে হুমকির প্রতিবাদে মো. সায়েমের সমর্থকেরা বিকেলে মানববন্ধন কর্মসূচি পালন করেন। উপজেলার দক্ষিণ গয়েশকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে বিকেল সাড়ে চারটা থেকে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে কয়েক শ গ্রামবাসী অংশ নেন।
নজরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, হিন্দুদের হুমকি দেওয়ার অভিযোগ সঠিক নয়। নেছারাবাদ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সরোয়ার হোসেন বলেন, শোভাযাত্রা ও হুমকি—দুটিই নির্বাচনের আচরণবিধির লঙ্ঘন। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।