
আচরণবিধি লঙ্ঘন করে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থীকে বরণ করেছেন স্থানীয় নেতা-কর্মীরা। গতকাল সোমবার বেলা তিনটার দিকে পাঁচ শতাধিক গাড়ির বহর নিয়ে শোডাউন করা হয়েছে। শোডাউন শেষে চারটি স্থানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাফর আলম। তিনি চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
জাফর আলম মনোনয়ন পাওয়ার পর গতকালই এলাকায় ফেরেন। এ কারণে সমাবেশের আয়োজন করেন নেতা–কর্মীরা। আওয়ামী লীগের প্রার্থীকে বিশাল গাড়িবহর নিয়ে বরণ করার প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে গতকাল সকালে কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামাল হোসেনের কাছে লিখিত অভিযোগ দিয়েছে বিএনপি।
গতকাল সরেজমিনে দেখা যায়, দুপুর থেকে পেকুয়ার বিভিন্ন এলাকার নেতা-কর্মীরা গাড়ির বহর নিয়ে পহরচাঁদা এলাকায় জমায়েত হতে থাকেন। সেখানে দেড় শতাধিক ট্রাক-বাস, জিপ ও শতাধিক মোটরসাইকেল জমায়েত হওয়ার পর পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেমের নেতৃত্বে গাড়ির বহরটি হারবাং ইনানী রিসোর্ট এলাকায় আয়োজিত সমাবেশের উদ্দেশে রওনা দেয়। এদিকে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অন্তত আড়াই শতাধিক মোটরসাইকেল নিয়ে হারবাংয়ের সমাবেশে যোগ দেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, ‘জাফর সাহেবের কড়া নির্দেশনা ছিল, কোনো গাড়িবহর ও শোডাউন হবে না। এটা আচরণবিধির লঙ্ঘন হবে। কিন্তু নেতা-কর্মীরা ৪৫ বছর পর চকরিয়া-পেকুয়ায় নৌকার জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন। উচ্ছ্বসিত হয়ে নেতা-কর্মীরা নিজেদের পকেটের টাকা খরচ করে গাড়িবহর নিয়ে জাফর সাহেবকে বরণ করতে গেছেন।’
হারবাংয়ের সমাবেশ শেষে জাফর আলম লক্ষ্যারচরের জিদ্দাবাজার, চকরিয়া পৌর শহরের কাজী মার্কেট ও খুটাখালী স্টেশনে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন। এসব সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় জাফর আলমের গাড়ির পেছনে অন্তত শতাধিক গাড়ি ছিল।
>কক্সবাজারে চকরিয়ায় পাঁচ শতাধিক গাড়ির বহর নিয়ে শোডাউন। জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছে বিএনপির ।
নির্বাচনী বিধিমালায় উল্লেখ আছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তার মনোনীত বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ট্রাক, বাস, মোটরসাইকেল, নৌ-যান, ট্রেন কিংবা অন্য কোনো যান্ত্রিক যানবাহন সহকারে মিছিল বের করতে পারবে না। কিংবা কোনো শোডাউন করতে পারবে না। এর ব্যত্যয় হলে জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালা লঙ্ঘন হবে।
এ ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামাল হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে সহকারী রিটার্নিং কর্মকর্তাকে বলা হয়েছে।
জানতে চাইলে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কি না, তা দেখার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে। যদি লঙ্ঘিত হয়, তিনিই ব্যবস্থা নেবেন।
জাফর আলমের নির্বাচনী শোডাউন ঠেকাতে কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা গতকাল সকালেই জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা বলেন, ‘শোডাউন করলে নির্বাচনী পরিবেশ নষ্ট হবে। মানুষের মনে ভীতি সৃষ্টি হবে। এ জন্য রিটার্নিং কর্মকর্তাকে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। কিন্তু আমাদের অভিযোগের বিষয়ে কোনো ব্যবস্থাই নেননি তিনি।’