আ.লীগ প্রার্থীর সভা উপলক্ষে বিদ্যালয়ে ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শওকত হাচানুর রহমানের কর্মিসভা গতকাল বুধবার বেতাগী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভা উপলক্ষে নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগে বিদ্যালয়ে ছুটি দেওয়া হয়। এতে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থী ও অভিভাবকেরা।
জানা গেছে, বিদ্যালয়ের মিলনায়তনে বিকেল চারটায় ওই সভার আয়োজন করা হয়। কিন্তু তিন ঘণ্টা আগেই বেলা একটার দিকে বিদ্যালয়ে ছুটি দিয়ে দেওয়া হয়।
বেলা একটার দিকে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ছুটি হয়ে যাওয়া শিক্ষার্থীরা বাড়িতে চলে যাচ্ছে। সভা উপলক্ষে ষষ্ঠ শ্রেণীর কক্ষের আসবাবপত্র একত্রিত করে কক্ষ ঝাড়ামোছা ও চেয়ার সাজানো হচ্ছে।
শিক্ষার্থীরা জানায়, বিকেল চারটা পর্যন্ত তাদের ক্লাস হওয়ার কথা ছিল। কিন্তু সভার কারণে বেলা একটায় সব ক্লাস ছুটি দিয়ে দেন শিক্ষকেরা।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয় পরিচালনা কমিটির এক সদস্য ও একাধিক অভিভাবক উস্মা প্রকাশ করে বলেন, এক হাজার শিক্ষার্থীর নির্ধারিত ক্লাস বন্ধ করে তিন ঘণ্টা আগে ছুটি দেওয়ার বিষয়টি অনৈতিক। সভা এক ঘণ্টা পিছিয়ে দিলে তিন ঘণ্টা আগে বিদ্যালয় ছুটি দেওয়া লাগত না।
জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবির প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী এ বিদ্যালয়ে কর্মিসভা করবেন। তাই নেতাদের নির্দেশে আগেভাগেই ছুটি দিতে হয়েছে।’
যোগাযোগ করা হলে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী নাফিজুর রহমান বলেন, ‘আমরা কাউকে আগেভাগে বিদ্যালয় ছুটি দেওয়ার জন্য বলিনি।’