আ.লীগ প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী এ কে এম ইউছুফ আলীর সমর্থকদের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সন্ধ্যা ছয়টার দিকে বিদ্রোহী প্রার্থী মো. ছাইফ উদ্দিন আহমেদের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। হামলায় পাঁচজন আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের মধ্যে মো. শাহজাহান (৩৮) ও মো. সম্পদকে (৩৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া প্রেমলাল দাস (৪০), জসিম উদ্দিন (৩০) ও মো. এনায়েতকে (২৮) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ইউছুফ আলীর প্রধান নির্বাচনী এজেন্ট ও হাতিয়ার সাবেক সাংসদ মোহাম্মদ আলী বলেন, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে দলীয় মেয়র প্রার্থীর কয়েকজন সমর্থক বিদ্রোহী প্রার্থী মো. ছাইফ উদ্দিনের বাড়ির সামনে দিয়ে ওছখালী বাজারের দিকে আসছিলেন। এ সময় ইউছুফ আলীর বাড়ির ভেতর থেকে তাঁদের ওপর এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় পাঁচজন আহত হন।
মোহাম্মদ আলী অভিযোগ করেন, হাতিয়ায় নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করার জন্য বিদ্রোহী প্রার্থী ছাইফ উদ্দিন আহমেদ পরিকল্পিতভাবে লোকজন দিয়ে এ হামলা চালিয়েছেন।
তবে হামলার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন বিদ্রোহী প্রার্থী মো. ছাইফ উদ্দিন আহমেদ। গতকাল রাত পৌনে নয়টায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি সন্ধ্যার পর থেকে বাড়িতে অবস্থান করছেন। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তাঁকে চাপে রাখতে প্রতিপক্ষ অপপ্রচারের আশ্রয় নিয়েছে।
হাতিয়া থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন বলেন, বিদ্রোহী প্রার্থীর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় নৌকা প্রতীকের সমর্থকদের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনা শুনেছেন। তবে এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।