সুনামগঞ্জের ছাতক পৌরসভার তিনজন মেয়র প্রার্থীর মধ্যে সবচেয়ে ‘ধনী’ আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী। গত পাঁচ বছরে তাঁর সম্পদ ও আয় দুটিই বেড়েছে। তিন প্রার্থীর মধ্যে মামলাও বেশি তাঁর বিরুদ্ধে।
রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া প্রার্থীদের হলফনামা থেকে এ তথ্য জানা গেছে। এই পৌরসভায় মেয়র পদে অন্য দুই প্রার্থী হলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামছুর রহমান এবং সাবেক মেয়র আবদুল ওয়াহিদ ওরফে মজনু। তাঁদের মধ্যে আবদুল ওয়াহিদ আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
আবুল কালাম চৌধুরী ২০১১ সালের নির্বাচনে ছাতক পৌরসভায় মেয়র পদে নির্বাচিত হন। তিনি ব্যবসায়ী। তাঁর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। ২০১১ সালে আবুল কালাম চৌধুরীর বার্ষিক আয় ছিল ৭২ লাখ ২১ হাজার ৪৪০ টাকা। হলফনামায় তখন তিনি অস্থাবর সম্পদ হিসেবে উল্লেখ করেছিলেন, নগদ ৯৫ হাজার টাকা। ব্যাংকে জমা ১ কোটি ৯৯ লাখ টাকা। স্থাবর সম্পদের মধ্যে ছিল কৃষিজমি ও অন্যান্য মিলিয়ে টাকার অঙ্কে ১ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা। তখন ব্যাংকে তাঁর দেনা ছিল ৫০ লাখ টাকা।
এবার আবুল কালাম চৌধুরীর ব্যবসা ও আয় দুটিই বেড়েছে। এর মধ্যে তিনি একটি সিএনজি ফিলিং স্টেশন করেছেন। গাড়ি কিনেছেন। হলফনামা সূত্রে জানা যায়, পৌর মেয়রের সম্মানী ভাতাসহ বার্ষিক আয় ৮১ লাখ ৫৪ হাজার ২২০ টাকা দেখিয়েছেন তিনি। তাঁর নগদ টাকা আছে ৮১ হাজার ৪০২ টাকা। ব্যাংকে জমা আছে ৩ কোটি ৩২ লাখ টাকা। অন্যান্য আরও ৪ লাখ ৩২ হাজার টাকা আছে। স্থাবর সম্পদের মধ্যে পৈতৃক সম্পদের মূল্য দেখিয়েছেন ৩৩ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা। পৈতৃক সম্পদ ভাগ-বাঁটোয়ারা হয়নি বলে উল্লেখ করেছেন তিনি। বতর্মানে দুটি ব্যাংকে তাঁর দেনা আছে ১ কোটি ১৫ লাখ ৫১ হাজার ৫২১ টাকা। তাঁর বিরুদ্ধে আটটি মামলা আছে।
এ বিষয়ে জানতে গতকাল দুপুরে আবুল কালাম চৌধুরীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সেটি বন্ধ পাওয়া যায়।
অন্যদিকে বিএনপির প্রার্থী শামছুর রহমানের সম্পদ সবচেয়ে কম। দুই লাখ টাকার সম্পদের কথা উল্লেখ করেছেন তিনি হলফনামায়। পেশায় ব্যবসায়ী শামছুর রহমানের বার্ষিক আয় এক লাখ টাকা। তাঁর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। শিক্ষাগত যোগ্যতার কলামে তিনি লিখেছেন ‘স্বশিক্ষিত’।
মামলার ব্যাপারে বিএনপির প্রার্থী শামছুর রহমান বলেন, এগুলো রাজনৈতিক মামলা। এসব মামলায় তিনি জামিনে আছেন।
স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আবদুল ওয়াহিদ ওরফে মজনুর বিরুদ্ধে কোনো মামলা নেই। তাঁর শিক্ষাগত যোগ্যতা নবম শ্রেণি। তিনিও একজন ব্যবসায়ী। বার্ষিক আয় পাঁচ লাখ টাকা। নগদ এক লাখ টাকা এবং ব্যাংকে জমা ২২ লাখ ১১ হাজার টাকা।