আ.লীগ প্রার্থীর সম্পদ বেড়েছে ছয় গুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র মো. হাবিবুর রহমান এবারও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতবার ও এবারের নির্বাচনে তাঁর দাখিল করা হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, গতবারের তুলনায় এবার তাঁর আয় অন্তত তিন গুণ ও সম্পদ ছয় গুণ বেড়েছে।
জানা যায়, হাবিবুর রহমান ঈশ্বরগঞ্জ পৌরসভার চরনিখলা মহল্লার বাসিন্দা। ঈশ্বরগঞ্জের সাবেক সাংসদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মো. আবদুছ ছাত্তারের স্ত্রীর বড় ভাই তিনি। তিনি পৌর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করছেন। ১৯৯৭ সালে পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে তিনি পৌর প্রশাসক ও নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এরপর আওয়ামী লীগের সমর্থন নিয়ে ২০০৪ ও ২০১১ সালে মেয়র নির্বাচিত হন।
হলফনামার তথ্য অনুযায়ী, হাবিবুর রহমান স্বনির্ধারণী পদ্ধতির ব্যক্তিশ্রেণির আয়করদাতা। ২০১০-২০১১ অর্থ বছরের আয়কর রিটার্ন অনুয়ায়ী তিনি নিজের আয় দেখিয়েছেন ২ লাখ ৭১ হাজার ৪১১ টাকা। নিট সম্পদ দেখিয়েছেন ১২ লাখ ৫০ হাজার টাকার। আয়কর দিয়েছেন ৩ হাজার ৮৫৬ টাকা। আর এবারের পৌর নির্বাচনের হলফনামায় ২০১৫-১৬ বর্ষে তিনি করযোগ্য আয় দেখিয়েছেন ৮ লাখ ৭০ হাজার ১৭৩ টাকা। মৎস্য খাতে তিনি আয় (করমুক্ত) দেখিয়েছেন সাড়ে ছয় লাখ টাকা। আয়কর দিয়েছেন ৪৪ হাজার ২২৭ টাকা। এ বছর তাঁর নিট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৭৬ লাখ ৬৯ হাজার ৭৫৮ টাকা।
তবে পৌরসভার দুটি মহল্লার কয়েকজন ভোটার বলেন, আয় ও সম্পদের যে পরিমাণ উল্লেখ করা হয়েছে, তা হয়তো হলফনামায় কিছুটা দৃশ্যমান হয়েছে। কিন্তু অনেকের কাছে তা বিশ্বাসযোগ্য নয়। এ ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তির অদৃশ্য আয় ও সম্পদের তথ্য সাধারণ মানুষের জানার সাধ্য নেই।
গতবারের হলফনামায় অনুযায়ী, হাবিবুর রহমানের বিরুদ্ধে তিনটি দুর্নীতির মামলাসহ ১০টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি দুর্নীতির মামলা উচ্চ আদালতের নির্দেশে এখনো স্থগিত রয়েছে। গতবার দুর্নীতি-সংক্রান্ত একটি মামলা আদালতে বিচারাধীন দেখানো হলেও এবার খালাস পাওয়ার তথ্য দিয়েছেন। এ ছাড়া ফৌজদারি দণ্ডবিধির বিভিন্ন ধারায় তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া দুটি মামলা প্রত্যাহার হয়েছে। দুটিতে অব্যাহতি ও তিনটিতে খালাস পেয়েছেন তিনি।
গত নির্বাচনের সময় হাবিবুরের কৃষিজমির পরিমাণ ছিল ২ দশমিক ৭৮ একর। কৃষি খাতে বার্ষিক আয় ছিল প্রায় ৪৬ হাজার টাকা। এবার কৃষিজমি ১২ দশমিক ৭৪ একর। এ খাতে আয় দেখিয়েছেন ১ লাখ ৮৩ হাজার টাকার বেশি। গতবার ব্যবসা খাতে তাঁর ২ লাখ ১৫ হাজার টাকা আয় ছিল। এবার তা ৩ লাখ ৪০ হাজার টাকা ছাড়িয়েছে।
হাবিবুর রহমানের পেশা ও ব্যবসার বিবরণীতে আয়ের খাতগুলো হচ্ছে মেয়র পদের সম্মানী ভাতা, করাতকল, ধান-পাটের মজুত ও কৃষি খাত। গত নির্বাচনে তাঁর হাতে ছিল ৩ লাখ ৬১ হাজার ১৪৮ টাকা। ব্যাংকে ছিল ১ লাখ ১২ হাজার ৩৮১ টাকা। এবার হাতে আছে ৮ লাখ ৮৬ হাজার ৫২৫ টাকা। ব্যাংকে জমা আছে ২ লাখ ২৫ হাজার ৬৯৩ টাকা। গতবার তাঁর কোনো অ্যাপার্টমেন্ট ছিল না। এবার ‘স্কাইমুন’ নামের ১০তলা ভবনের অষ্টম তলায় ১৫১০ বর্গফুটের একটি ফ্ল্যাট গ্যারেজসহ ক্রয় করেছেন। এর মূল্য দেখিয়েছেন ২৬ লাখ ৮০ হাজার টাকা। এবার তিনি একটি ব্যক্তিগত গাড়ির মালিক হয়েছেন, যার মূল্য দেখিয়েছেন ১১ লাখ ১৫ হাজার টাকা।
সম্পদ ও আয় বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে হাবিবুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে জানান, ব্যাংক থেকে ঋণ নিয়ে তিনি এসব সম্পদ করেছেন। গত নির্বাচনের সময়ের তুলনায় এবার তাঁর দায়দেনাও বেড়েছে বলে জানান তিনি।