আ.লীগ প্রার্থীসহ তিন শতাধিক আসামি
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) কানুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট-পরবর্তী হামলা ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। এতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীকে হুকুমের আসামি করা হয়েছে।
গত রোববার ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা অসীম মৃধা মুকসুদপুর থানায় মামলাটি করেন। এতে ৭৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও আড়াই শ ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মুকসুদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. গিয়াসউদ্দিন বলেন, ওই ঘটনায় জড়িত সন্দেহে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গত শনিবার দিগনগর ইউপিতে নির্বাচন হয়। এতে কানুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষে ঘোষণা দেওয়ার সময় চার-পাঁচ শ লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা কেন্দ্রের দরজা ও জানালা ভেঙে ভেতরে ঢুকে আটটি ব্যালট বাক্স, নগদ ৫০ হাজারের বেশি টাকা, ভোটের কাগজপত্র এবং নির্বাচন পরিচালনাকারী কর্মকর্তাদের ব্যাগ ছিনতাই করে। এ সময় দায়িত্ব পালনকারী নারী কর্মকর্তারাও নির্যাতিত হন। ঘটনার পর রাত দুইটার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহা. ফজলুল মোল্লা কেন্দ্রটির ফল ঘোষণা স্থগিত করেন। পরে ব্যালট বাক্সগুলো উদ্ধার হলেও তাতে ব্যালট পেপার পাওয়া যায়নি।
প্রিসাইডিং কর্মকর্তা অসীম মৃধা গতকাল সোমবার বলেন, ‘কেন্দ্রটি আওয়ামী লীগের প্রার্থীর এলাকায় অবস্থিত। ওই দিন সন্ধ্যা ছয়টার দিকে তাঁর সমর্থকেরা হামলা চালায়। হামলায় আমিসহ সব কর্মকর্তা প্রহৃত হই, লাঞ্ছিত হন নারী কর্মকর্তারাও। হামলাকারীরা কয়েকজন নারী কর্মকর্তাকে ধরে নিয়ে যায়। তাণ্ডবের পর একপর্যায়ে দেখি আমি, এক পোলিং কর্মকর্তা, কয়েকজন পুলিশ ও আনসার সদস্য কক্ষের ভেতর আছি। রাত ১০টার দিকে মুকসুদপুর থেকে অতিরিক্ত পুলিশ এসে আমাদের উদ্ধার করে। পরে পুলিশ ওই প্রার্থীর পাশের বাড়ি থেকে অপহৃত সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের রাত একটার দিকে উদ্ধার করে।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহা. ফজলুল মোল্লা বলেন, ওই কেন্দ্র বাদে অন্য আটটি কেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সফিকুল ইসলাম ১ হাজার ৬৬০ ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সফিকুল ইসলাম বলেন, ‘ওই কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী ভোট পান ১ হাজার ৬৬৮। আমি পাই ৩৯৬ ভোট। নির্বাচনে হেরে যাচ্ছেন বলেই আওয়ামী লীগের প্রার্থী নিজে নেতৃত্ব দিয়ে কেন্দ্রে হামলা চালান।’
আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী শেখের মুঠোফোনে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।