আ.লীগ বনাম আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী এম এ মান্নানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির প্রয়াত কেন্দ্রীয় নেতা আবদুস সামাদ আজাদের ছেলে আজিজুস সামাদ ওরফে ডন। ইতিমধ্যে দুই প্রার্থীই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তাঁদের সমর্থনে শতাধিক যুক্তরাজ্য-প্রবাসী দেশে এসে প্রচারণায় অংশ নিচ্ছেন।
আজিজুস সামাদ দলের জেলা বা উপজেলার কোনো কমিটিতে নেই। তিনি পেশায় মেরিন ইঞ্জিনিয়ার। থাকেন ঢাকায়। ২০০৫ সালে বাবা মারা যাওয়ার পর তিনি মাঝেমধ্যে এলাকায় আসা শুরু করেন। ২০০৮ সালের সংসদ নির্বাচনে তিনি এ আসনে আওয়ামী লীগের মনোয়ন চেয়েও পাননি। এবারও দলের মনোয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হন।
আওয়ামী লীগ ও বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী জানান, প্রধান বিরোধী দল ও জোট দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ায় নির্বাচন নিয়ে সাধারণ মানুষের আগ্রহ খুব কম। কিন্তু সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের সমর্থক দুই প্রার্থীর মধ্যে নির্বাচন হওয়ায় দলীয় সমর্থকদের কিছুটা আগ্রহ আছে। দুই প্রার্থীর সমর্থনে শতাধিক যুক্তরাজ্য-প্রবাসী দেশে এসে গণসংযোগ করছেন। ভোট চাইছেন।
এম এ মান্নান গত শনিবার দিনভর জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে দলীয় নেতা-কর্মীদের নিয়ে গণসংযোগ করেন। তিনি ‘উন্নয়নের’ ধারাবাহিকতা রক্ষায় তাঁকে আবারও নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। অপর দিকে স্বতন্ত্র প্রার্থী আজিজুস সামাদ কলকলিয়া ইউনিয়নে গণসংযোগ ও সভা করেন। তিনি ফুটবল প্রতীকে ভোট চেয়ে প্রয়াত বাবার আসনে তাঁর ‘অধিকার’ প্রতিষ্ঠার কথা তুলে ধরেন।
অন্যদিকে, আজিজুস সামাদ বাবার ভাবমূর্তি কাজে লাগিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের কাছে টানার চেষ্টা করছেন।
জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের নেতা লুৎফুর রহমান বলেন, ‘আবদুস সামাদ আজাদ অত্র অঞ্চলে আওয়ামী লীগের রাজনীতিকে বিকশিত করেছেন। দলীয় প্রতীক না দিয়ে আওয়ামী লীগের সভানেত্রী তাঁর ছেলের প্রতি অবিচার করেছেন। তাই আমরা আজিজুস সামাদের পক্ষে কাজ করছি।’
তবে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন বলেন, ‘আওয়ামী লীগের রাজনৈতিক আর্দশ যাঁরা লালন করেন, তাঁদের দলের প্রতীক নৌকার বিরুদ্ধে যাওয়ার সুযোগ নেই। আমরা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সব নেতা-কর্মীকে নিয়ে নৌকার পক্ষে কাজ করছি।’
প্রার্থী আজিজুস সামাদ বলেন, ‘আমার বাবা এ নির্বাচনী এলাকা থেকে একাধিকবার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হয়েছেন। এখানকার আওয়ামী লীগের নেতা-কর্মী ও জনগণের চাপে আমি নির্বাচন করছি।’
এম এ মান্নান বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিগত পাঁচ বছর নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়নকাজ বাস্তবায়ন করেছি। এসব উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় দলের নেতা-কর্মীরা নৌকার পক্ষে কাজ করছেন।’