নেত্রকোনার তিনটি আসনে শেষ মুহূর্তে নির্বাচনী প্রচার-প্রচারণা জমে ওঠে। এ আসনগুলোতে আওয়ামী লীগ-আওয়ামী লীগেই লড়াই হবে বলে ভোটারদের অনেকে মনে করছেন।
এলাকাবাসী ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনের দিন ঘনিয়ে আসায় প্রার্থীরা নাওয়া-খাওয়া ভুলে প্রচারণা চালান। নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে আওয়ামী লীগ প্রার্থী হয়েছেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছবি বিশ্বাস (নৌকা)। আওয়ামী লীগের বর্তমান সাংসদ মোস্তাক আহমেদ দল থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস, প্রয়াত সাবেক সাংসদ জালাল উদ্দিন তালুকদারের ছেলে শাহ কুতুব উদ্দিন তালুকদারও আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে হরিণ প্রতীক নিয়ে লড়ছেন। এ ছাড়া জাতীয় পার্টির আনোয়ার হোসেন খান লাঙ্গল প্রতীক নিয়ে মাঠে আছেন। গত কয়েক দিন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দলের বিদ্রোহী দুই প্রার্থী প্রচার-প্রচারণার মাধ্যমে মাঠ গরম করে তোলেন। জাতীয় পাটির প্রার্থীর প্রচারণা ছিল না বললেই চলে।
দলীয় নেতা-কর্মী সূত্রে জানা যায়, নেত্রকোনা-২ (সদর, বারহাট্টা) আসনে আওয়ামী লীগের প্রার্থী জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ খান। এ দল থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে লড়ছেন লে. কর্নেল (অব.) আবদুন নূর খান। এখানে তাঁদের দুজনের প্রচারণাই বেশি চোখে পড়ে। দুজনই আওয়ামী লীগের আদর্শের কথা বলে ভোট চান। এদিকে নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে আওয়ামী লীগের ইফতেখার উদ্দিন তালুকদার নৌকা ও জাতীয় পার্টির জসিম উদ্দিন ভূঁইয়া লাঙ্গল প্রতীক নিয়ে মাঠে আছেন।
নেত্রকোনা সদরের কলেজশিক্ষক খালেদ বিন জোবেরি বলেন, ‘আসনগুলোতে স্বতন্ত্র ও আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যেই জয়-পরাজয় নির্ধারিত হবে মনে হচ্ছে।’