ঋণখেলাপি হওয়া, হলফনামায় সই না থাকা ও সই জালিয়াতির অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভায় মেয়র পদে বিএনপি, জাতীয় পার্টি (জাপা) ও স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতার মনোনয়নপত্র বাতিল হয়েছে। এখন সেখানে দুজন মেয়র প্রার্থী। তাঁরা দুজনেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
এ দুজন হলেন আওয়ামী লীগের প্রার্থী দলের উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও বর্তমান মেয়র মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগের সদস্য ও বর্তমান কাউন্সিলর ইমাম হোসেন পাটোয়ারী।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, গত শনিবার চৌদ্দগ্রাম পৌরসভার পাঁচজন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। জামায়াতের আমির ও স্বতন্ত্র প্রার্থী মো. সাহাবউদ্দীন ১০০ জন ভোটারের সই জমা দেন। এর মধ্যে পাঁচজনের স্বাক্ষর যাচাই করা হয়। এতে দুই বছর ধরে বিদেশে অবস্থান করছেন, এমন একজন ব্যক্তির সই পাওয়া যায়। এ কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। বিএনপির প্রার্থী গোলাম মুহাম্মদ রাব্বানী ক্রেডিট কার্ডে ঋণখেলাপি এবং জাপার প্রার্থী খুরশিদ আলম হলফনামায় সই করেননি। এ জন্য তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ পৌরসভায় এখন দুজন মেয়র প্রার্থী।
বিএনপির মেয়র প্রার্থী গোলাম মুহাম্মদ রাব্বানী ও স্বতন্ত্র প্রার্থী সাহাবউদ্দীন আত্মগোপনে থাকায় তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। গোলাম রাব্বানীর মা ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর বেগম মেহেরুন্নেছা হক ও সাহাবউদ্দীনের ভাই জয়নাল আবেদিন বলেন, ‘আমরা ওই আদেশের বিরুদ্ধে আপিল করব।’
জাপার প্রার্থী খুরশিদ আলমও আপিল করার কথা বলেছেন।
এদিকে তিন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় চৌদ্দগ্রামে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নেতা-কর্মীরা খুশি। তাঁরা বলছেন, ‘মেয়র পদে এখন যাঁকে ভোট দেব, তিনিই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।’
পৌরসভার ফাল্গুনকরা এলাকার বাসিন্দা ফরিদ উদ্দিন বলেন, ‘দুজন মেয়র প্রার্থীই আওয়ামী লীগের রাজনীতি করেন। এক দলের দুই নেতার লড়াইটা আমরা দেখতে চাই। সুষ্ঠু ভোট চাই।’
স্বতন্ত্র মেয়র প্রার্থী উপজেলা যুবলীগের সদস্য ইমাম হোসেন পাটোয়ারী বলেন, ‘দলীয় শত চাপেও আমি নির্বাচনের মাঠে থাকব। কোনো অবস্থাতেই মনোনয়নপত্র প্রত্যাহার করব না। জনগণ আমাদের লড়াইটা উপভোগ করবে বলে আশা করি।’
আওয়ামী লীগের মেয়র প্রার্থী মিজানুর রহমান বলেন, ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এর মধ্যে দলীয় নেতারা নিশ্চয়ই স্বতন্ত্র মেয়র প্রার্থীকে নিয়ে ভাববেন। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে।