আ.লীগ বনাম আ.লীগ বিএনপি বনাম বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ছয়টি উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিটিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক প্রার্থী নিজেদের প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছেন। এতে দল দুটির তৃণমূল পর্যায়ে অন্তঃকোন্দল বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে প্রার্থীরা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নির্বাচনী পরিচালনা কমিটি গঠনের উদ্যোগ নেওয়ায় কোন্দল অনেকটা প্রকাশ্য রূপ নিচ্ছে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, সিলেটের ১২টি উপজেলার মধ্যে প্রথম ধাপে বিশ্বনাথ, জকিগঞ্জ, কোম্পানীগঞ্জ, গোলাপগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় ১৯ ফেব্রুয়ারি ভোট গ্রহণ করা হবে। এ ছয় উপজেলায় ১২৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪৩ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫৮ জন এবং ভাইস চেয়ারম্যান (নারী) পদে ২২ জন মনোনয়নপত্র জমা দেন। গতকাল সোমবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৩৩ জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (নারী ও পুরুষ) প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে এসব প্রার্থী আগামী তিন দিনের মধ্যে জেলা প্রশাসক বরাবর আপিল করতে পারবেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৩ ফেব্রুয়ারি।
উপজেলা চেয়ারম্যান পদে ছয় উপজেলায় আওয়ামী লীগের ১৬ জন এবং বিএনপির ১৫ জন প্রার্থী রয়েছেন। বাকিরা জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের। বিশ্বনাথ উপজেলার চারজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে দুজন আওয়ামী লীগ, একজন বিএনপি এবং একজন জামায়াতে ইসলামীর সমর্থক। গোয়াইনঘাট উপজেলায় পাঁচজন প্রার্থীর মধ্যে দুজন আওয়ামী লীগ এবং বিএনপি, জামায়াত ও জমিয়তে উলামায়ে ইসলামের একজন করে রয়েছেন। কোম্পানীগঞ্জ উপজেলায় পাঁচজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির দুজন করে রয়েছেন। এর বাইরে জাতীয় পার্টি থেকে একজন প্রার্থী হয়েছেন। জৈন্তাপুর উপজেলায় চেয়ারম্যান পদে মোট প্রার্থী সাতজন। এখানে আওয়ামী লীগ থেকে তিনজন ও বিএনপি থেকে দুজন প্রার্থী হয়েছেন। এ ছাড়া জামায়াত ও জাতীয় পার্টি থেকে একজন করে প্রার্থী হয়েছেন। জকিগঞ্জ থেকে চেয়ারম্যান পদপ্রার্থী ১৩ জন। আওয়ামী লীগ থেকে চারজন, বিএনপি থেকে পাঁচজন, জাতীয় পার্টি থেকে দুজন এবং জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিস থেকে একজন করে প্রার্থী হয়েছেন। গোলাপগঞ্জে মনোনয়নপত্র দাখিলকারী নয় চেয়ারম্যান প্রার্থীর মধ্যে তিনজন আওয়ামী লীগ ও চারজন বিএনপির। এ ছাড়া জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামী-সমর্থিত একজন করে রয়েছেন।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী আলোচনা করে একক প্রার্থী নির্ধারণের কথা বলেছেন।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাসুক উদ্দিন আহমদ বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুসারে প্রতি উপজেলায় একজন প্রার্থী রাখার চেষ্টা করা হবে।