আ.লীগ বাকশাল কায়েম করতে চায়: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুসেইন মুহম্মদ এরশাদ
হুসেইন মুহম্মদ এরশাদ

আওয়ামী লীগ একতরফা নির্বাচন করে দেশে বাকশাল কায়েম করতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
আজ রোববার রাতে তাঁর রংপুরের বাসভবন পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এরশাদ এই মন্তব্য করেন।
এরশাদ বলেন, আওয়ামী লীগকে দেশের মানুষ আর চায় না। যে কারণে যেখানে আওয়ামী লীগবিরোধী সভা-সমাবেশ হচ্ছে, সেখানে মানুষের ঢল নামছে। দেশের মানুষের মনোভাব বুঝতে পেরেই আওয়ামী লীগ একক নির্বাচন করে ক্ষমতা পাকাপোক্ত করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। যার ফল শুভ হবে না।
জাপা চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টি নির্বাচনে না গেলে দেশে নির্বাচন হবে না। আর গ্রহণযোগ্য নির্বাচন না হলে দেশে ভয়াবহ সংঘাত দেখা দিতে পারে। তিনি বলেন, ‘জাতীয় পার্টি আর কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না। আমরা এককভাবে নির্বাচন করে ক্ষমতায় যেতে চাই। তবে সে নির্বাচনে সকল দলের অংশগ্রহণ থাকতে হবে। শেষ বয়সে আর দালাল হতে চাই না।’
সম্প্রতি ‘প্রথম আলো’র জরিপ প্রতিবেদন প্রসঙ্গে মহাজোটের এই শরিক নেতা বলেন, ‘এই জরিপ সঠিক নয়। আমি পত্রিকা কর্তৃপক্ষকে বলব ঘরে ঘরে গিয়ে জরিপ করুন। তখন জনপ্রিয়তার সঠিক তথ্য বেরিয়ে আসবে।’

দেশের মানুষ এখন জাতীয় পার্টিকে চায়—এমন মন্তব্য করে এরশাদ বলেন, দুই দলকে মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। মানুষ শান্তি চায়। আর সেই শান্তি দিতে পারে কেবল জাতীয় পার্টি।