আ.লীগ বাকশাল কায়েম করতে চায়: এরশাদ
আওয়ামী লীগ একতরফা নির্বাচন করে দেশে বাকশাল কায়েম করতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল রোববার রাতে রংপুরের বাসবভন পল্লী নিবাসে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন।
এরশাদ বলেন, দেশের মানুষ আর আওয়ামী লীগকে চায় না। এ কারণে যেখানে সরকারবিরোধী সভা-সমাবেশ হচ্ছে, সেখানে মানুষের ঢল নামছে। তিনি বলেন, জাতীয় পার্টি নির্বাচনে না গেলে দেশে নির্বাচন হবে না। আর সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন না হলে দেশে ভয়াবহ সংঘাত দেখা দিতে পারে। তিনি বলেন, তাঁর দল আর কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না।
সম্প্রতি প্রথম আলোর জরিপ প্রসঙ্গে এরশাদ বলেন, ‘এই জরিপ সঠিক নয়। আমি পত্রিকা কর্তৃপক্ষকে বলব, ঘরে ঘরে গিয়ে জরিপ করুন। তখন জনপ্রিয়তার সঠিক তথ্য বেরিয়ে আসবে।’
দেশের মানুষ এখন জাতীয় পার্টিকে চায়—এমন মন্তব্য করে এরশাদ বলেন, দুই দলকে মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। মানুষ শান্তি চায়। আর জাতীয় পার্টিই কেবল সেই শান্তি দিতে পারে।