আ.লীগ বাকশালীয় কায়দায় দেশ চালাচ্ছে: মঈন
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, ‘জালেম সরকার আওয়ামী লীগের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। তারা মুখে না বললেও বাকশালীয় কায়দায় দেশ শাসন করছে।’গতকাল বুধবার দুপুরে শেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বেগম খালেদা জিয়ার আহ্বানে আগামী ১২ মার্চ ‘ঢাকা চলো’ কর্মসূচি বাস্তবায়নে এক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বাংলাদেশ জাতীয়তাবাদী দল শেরপুর জেলা শাখা আয়োজিত এই সমন্বয় সভায় আরও বক্তব্য দেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হায়দার আলী, শেরপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ছাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবেক সাংসদ মো. মাহমুদুল হক, আবদুর রাজ্জাক প্রমুখ।আবদুল মঈন খান আরও বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রের ভাষা জানে না, গণতন্ত্রে বিশ্বাস করে না, তাদের বিরুদ্ধে শক্ত ভাষায় প্রতিবাদ করতে হবে, প্রতিবাদের সঙ্গে প্রতিরোধও গড়ে তুলতে হবে। তাই খালেদা জিয়ার আহ্বানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ উপায়ে আমরা প্রতিবাদ করতে চাই।’ কিন্তু এ গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার বাধা দিলে তার পরিণাম ভালো হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।