আ.লীগ বাক্স ভরেছে, বিএনপি তা ছিনিয়ে নিয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোর চারটায় ব্যালটে সিল মেরে বাক্স ভরে আ.লীগ। ভোর পাঁচটায় বিএনপির কর্মীরা তিনটি বাক্স নিয়ে যায়ন। গতকাল সকাল নয়টায় দাগনভূঁঞার অলাতলী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তোলা ছবি । ছবি: প্রথম আলো
ভোর চারটায় ব্যালটে সিল মেরে বাক্স ভরে আ.লীগ। ভোর পাঁচটায় বিএনপির কর্মীরা তিনটি বাক্স নিয়ে যায়ন। গতকাল সকাল নয়টায় দাগনভূঁঞার অলাতলী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তোলা ছবি । ছবি: প্রথম আলো

ভোর চারটার দিকে ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের অলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঢুকে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর কর্মীরা জোর করে ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভর্তি করেন। খবর পেয়ে বিএনপি-সমর্থিত প্রার্থীসহ অন্য প্রার্থীর কর্মীরা ভোর পাঁচটার দিকে কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট পেপার ভর্তি তিনটি বাক্স ছিনিয়ে নিয়ে যান। সকাল আটটায় ভোট গ্রহণের জন্য কোনো ব্যালট পেপার না থাকায় প্রিসাইডিং কর্মকর্তা আবদুল হাইয়ুম ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করেন।
দাগনভূঁঞায় গতকালের নির্বাচনে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। অন্তত আরও একটি কেন্দ্রে একই রকম ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর কর্মীরা পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের দরাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে অন্য প্রার্থীর এজেন্ট এবং ভোটারদের বের করে দিয়ে ব্যালট পেপারে সিল মারেন। দুপুরে বিএনপির কর্মীরা ওই কেন্দ্রে ঢুকে ব্যালট ভর্তি বাক্স ছিনতাই করে নিয়ে যান। পরে ওই কেন্দ্রেরও ভোট স্থগিত করা হয়।
বেলা দুটার পর দাগনভূঁঞা পৌরসভার আলাইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে বিএনপি-সমর্থিত প্রার্থী আকবর হোসেনের কর্মীরা প্রভাব বিস্তারের চেষ্টা চালান। এ নিয়ে গোলযোগ হলে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
এভাবে গণসিল, জাল ভোট আর কেন্দ্র দখলের মধ্য দিয়ে গতকাল শনিবার দাগনভূঁঞা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে। সরেজমিনে ২০টি ভোটকেন্দ্র পরিদর্শন করে নির্বাচনের প্রায় একই চিত্র দেখা যায়।
বিএনপি-সমর্থিত এবং আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থীসহ বিভিন্ন পদের ১১ জন প্রার্থী ‘ভোট ডাকাতি ও প্রহসনের’ নির্বাচন প্রত্যাখ্যান করেছেন। তাঁদের অভিযোগ, ৬২টি ভোটকেন্দ্রের মধ্যে কমপক্ষে ৫০টি ভোটকেন্দ্র আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী দিদারুল কবিরের লোকজন দখল করেছেন।
গোলযোগের কারণে তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে আটটার দিকে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর কর্মীরা রাজাপুর হাইস্কুল কেন্দ্র দখল করেন। তাঁরা অন্য সব প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে কয়েক শ ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ফেলেন। অন্য প্রার্থীর কর্মী-সমর্থকেরা জড়ো হয়ে কেন্দ্রে ঢুকতে চাইলে পুলিশ তাঁদের বাধা দেয় ও কাঁদানে গ্যাসের সাতটি শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।
খবর পেয়ে বিএনপি-সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জাহানারা বেগম সেখানে হাজির হন। এ সময় কয়েকজন সাংবাদিকও ওই কেন্দ্রে যান। জাহানারা বেগম ওই কেন্দ্র স্থগিতের দাবি জানান। এ নিয়ে বেশ কিছুক্ষণ হইচই হওয়ার পর আবার ভোট শুরু হয়।
স্থানীয় সূত্র জানায়, সিন্দুরপুর ইউনিয়নের অদুদিয়া মাদ্রাসাকেন্দ্রে ব্যালট পেপার দিতে অপারগতা প্রকাশ করায় আওয়ামী লীগের কর্মীরা প্রিসাইডিং কর্মকর্তাকে লাঞ্ছিত করেন। পরে তাঁরা জোর করে ব্যালট পেপারে সিল মারেন। প্রিসাইডিং কর্মকর্তার মুঠোফোন কেড়ে নেওয়া হয়। ব্যালট পেপার বাক্সে ঢোকানো শেষ হলে তাঁর মুঠোফোন ফেরত দেওয়া হয়।
সিন্দুরপুর ইউনিয়নের সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে গিয়ে দেখা যায়, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর কর্মীরা কেন্দ্রটি নিয়ন্ত্রণে নিয়েছেন। আবুল কাশেম নামে এক বৃদ্ধ ভোটার অভিযোগ করেন, আওয়ামী লীগের কর্মীরা তাঁর হাত থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে তাঁদের প্রার্থীদের পক্ষে সিল মেরেছেন।
অনিয়মের চিত্র দেখা যায় কৌশল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, কোরবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্র, কোরেশমুন্সি মাদ্রাসাকেন্দ্র, বাতশিরি হাইস্কুল কেন্দ্র, লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্র, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্র ও সেকান্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে।
উত্তর সেকান্দরপুর বশিরিয়া মাদ্রাসাকেন্দ্রের পাশে কথা হয় রুহুল আমিন নামের একজন ভোটারের সঙ্গে। তাঁর অভিযোগ, সকালে আওয়ামী লীগের কর্মীরা জোর করে সব ব্যালট পেপারে সিল মারেন। সকাল সাড়ে ১০টায় দেখা যায়, একজন সহকারী প্রিসাইডিং ও একজন পোলিং কর্মকর্তা বাক্সভর্তি ব্যালট পাহারা দিচ্ছেন। আরেকজন পোলিং কর্মকর্তা দেয়ালে হেলান দিয়ে ঝিমাচ্ছেন।
দুপুর ১২টায় দাগনভূঁঞা উপজেলা সদরে পৃথক সংবাদ সম্মেলন করেন বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আকবর হোসেন, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক আবদুল হাই মিলন ও বিএনপির ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থী আবুল হাসেম বাহাদুর এবং ছয়জন ভাইস চেয়ারম্যান, দুজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। তাঁদের অভিযোগ, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী দিদারুল কবিরের পক্ষে ফেনী সদর, সোনাগাজী, মিরসরাই ও কোম্পানীগঞ্জ থেকে শত শত লোক আনা হয়। প্রতি কেন্দ্রে ২০০-২৫০ জন বহিরাগত জড়ো করে কমপক্ষে ৫০টি কেন্দ্র আগের রাতেই দখল করা হয়। সারা রাত বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয় এবং কেন্দ্র দখল করে অন্য প্রার্থীদের এজেন্টদের বের করে দেওয়া হয়। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে ভোট ডাকাতির অভিযোগ এনে তাঁরা ‘প্রহসনের’ নির্বাচন বাতিল করে আবারও নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান।
দাগনভূঁঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিভিন্ন কেন্দ্রে গোলযোগ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৯০টি বিভিন্ন অস্ত্রের গুলি ও সাতটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে।
আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী দিদারুল কবিরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন সব অভিযোগকে ভিত্তিহীন দাবি করে বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।