আ.লীগ-বিএনপি এক হয়েও ঠেকাতে পারেনি বিদ্রোহীকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে বহুল আলোচিত পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও স্থানীয় সাংসদ এক হয়েও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী রফিকুল ইসলামকে পরাজিত করতে পারেনি। রফিকুল ইসলাম প্রায় ৪৭ হাজার ভোট পেয়ে বিজয়ী হন।

আর বিএনপি-সমর্থিত প্রার্থীর সঙ্গে এক হতে গিয়ে জামানত খুইয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী। এ উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হন তিন প্রভাবশালী। তাঁরা হলেন, বিএনপি-সমর্থিত আক্তারুজ্জামান (আনারস), আওয়ামী লীগ-সমর্থিত এ কে এম ফজলুল হক (ঘোড়া) এবং আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম (মোটরসাইকেল)। জেলা ও উপজেলা আওয়ামী লীগ কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন নেতা-কর্মী জানান, রফিকুল ইসলামের সঙ্গে বহু আগে থেকেই সাংসদ সোহরাব উদ্দিনের রেষারেষি ছিল। গত উপজেলা নির্বাচনে সোহরাব উদ্দিন চেয়ারম্যান হলেও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রফিকুল। এবারের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনে সোহরাব উদ্দিন সাংসদ হন। কিন্তু রফিকুল-ভীতি তাঁর ছিলই। তাই উপজেলা পরিষদ নির্বাচনের শুরু থেকেই এ সাংসদ আচরণবিধি লঙ্ঘন করে দল-সমর্থিত প্রার্থী ফজলুল হকের পক্ষে প্রচারণায় নামেন। এ নিয়ে এলাকায় উত্তেজনাও ছড়িয়ে পড়ে। ৩১ মার্চ আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত প্রার্থী এক হয়ে যান।

রফিকুল বলেন, ‘সাংসদ সোহরাব শেষ মুহূর্তে নিজ দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বিএনপিকে জেতানোর চেষ্টা চালান। কিন্তু জনগণ তাঁর নোংরা রাজনীতি পরিত্যাগ করেছে।’ আক্তারুজ্জামান বলেন, রফিকুলকে প্রতিহত করার বিষয়টি আওয়ামী লীগের নিজস্ব বিষয়। ফজলুল হক বলেন, ভোটের রাজনীতিতে কত কিছুই তো হয়।