গাজীপুর জেলার কাপাসিয়ায় একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগের সভা আহ্বানের পরিপ্রেক্ষিতে প্রশাসনের জারি করা ১৪৪ ধারার কারণে সেখানে কেউই সভা করতে পারেনি। পরে বিকেলে পার্শ্ববর্তী ইউনিয়নে এক সভার আয়োজন করে বিএনপি। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেন, বিরোধী দলকে প্রতিহত করতে প্রশাসনকে দলীয় কাজে ব্যবহার করছে সরকার।কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নে গতকাল শুক্রবার একই সময় ও স্থানে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ সভা আহ্বান করায় উপজেলা প্রশাসন সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি করে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।বিকেলে বিএনপি পার্শ্ববর্তী ঘাগুটিয়া ইউনিয়নে হান্নান শাহর নিজ গ্রামের বাড়িতে প্রতিবাদ সমাবেশ করে। এখানে হান্নান শাহ বলেছেন, বিরোধী দলকে প্রতিহত করার জন্য সরকার প্রশাসনকে দলীয় কাজে ব্যবহার করছে। সরকার দেশব্যাপী যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে দলীয় লোকদের নিয়োগ দিয়ে বাকশাল কায়েমের পাঁয়তারা করছে।