আ.লীগ-বিএনপি-জাপায় কাজ ভাগবাটোয়ারা!
জয়পুরহাটের আক্কেলপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ১৮টি গুচ্ছের ৫৪ লাখ টাকার কাজ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীর মধ্যে ভাগবাটোয়ারা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সমঝোতার মাধ্যমে এসব কাজের মধ্যে একটি মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টি এবং স্থানীয় বিএনপির দুই পক্ষ দুটি কাজ পেয়েছে; বাকি কাজ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পেয়েছেন।উপজেলা পরিষদ কার্যালয়ে গত রোববার সন্ধ্যায় পরিষদের ভাইস চেয়ারম্যান নাজিমুদ্দিনের কক্ষে রুদ্ধদ্বার বৈঠকে এসব কাজ ভাগবাটোয়ারা হয়। ওই বৈঠকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা সুলতানা, পৌর আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোলায়েম হোসেন, যুবলীগের নেতা আবদুর রহিম ও সৈয়দ আশরাফুজ্জামান উপস্থিত ছিলেন।নাজিমুদ্দিন বলেন, ‘মূলত আমার কক্ষে কাজ ভাগবাটোয়ারা হলেও নেপথ্যে ছিলেন অন্যরা। সরকারদলীয় বঞ্চিত নেতাকর্মীদের মূল্যায়ন করতেই এ কাজ করা হয়েছে।’উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বরাদ্দের ১৮টি গুচ্ছের ৫৪ লাখ টাকার দরপত্র বিক্রির শেষ দিন ছিল রোববার। তার পরের দিন ছিল দরপত্র দাখিলের শেষ দিন। পরে অবশ্য দরপত্র দাখিলের সময় এক দিন বাড়ানো হয়।সূত্রটি জানায়, সমঝোতার উদ্যোক্তাদের লোকজনের বাধায় সাধারণ ঠিকাদারেরা শিডিউল কিনতে পারেননি। নাম প্রকাশ না করার শর্তে ওই বৈঠকে অংশ নেওয়া আওয়ামী লীগের এক নেতা জানান, একটি কাজ মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টি এবং বিএনপির দুই পক্ষকে দুটি কাজ ভাগ করে দেওয়া হয়েছে; অন্য কাজগুলো দুই-তিনজনের সমন্বয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে বণ্টন করে দেওয়া হয়েছে। যাঁরা কাজের ভাগ পেয়েছেন, তাঁরা সমঝোতাকারী কমিটির কাছে লাখে পাঁচ হাজার টাকা জমা দেবেন। যাঁরা কাজ পাননি, এই টাকা থেকে কমিটি তাঁদের ভাগ দেবে বলে সিদ্ধান্ত হয়।পৌর বিএনপির (একাংশ) সভাপতি ও পৌর মেয়র আলমগীর চৌধুরী বলেন, ‘শুনেছি, আমাদের ভাগে একটি কাজ রাখা হয়েছে। আমরা একটি কাজ নিতে রাজি হইনি।’ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু ওহাব চৌধুরী বলেন, ‘মহাজোটের অন্যতম শরিক হিসেবে আমাদের দল ভাগে একটি কাজ পেয়েছে।’উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হুদা কাজ ভাগবাটোয়ারার বৈঠকে উপস্থিত থাকার স্বীকার করে বলেন, ‘দরপত্র আহ্বানের পরই সমঝোতা করে কাজ নেওয়া হয়েছিল। তার পরও মুরব্বি হিসেবে আমাকে কাজ ভাগবাটোয়ারার ওই বৈঠকে রাখা হয়েছিল।’ উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) হূদয় চন্দ্র দাস বলেন, ‘কাজ ভাগবাটোয়ারার বিষয়টি আমার জানা নেই।’