আ.লীগ-বিএনপি থেকে সমান দূরত্বে থাকবে নতুন জোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ সম্মেলন করে নতুন রাজনৈতিক জোটের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও কৃষক শ্রমিক জনতা লীগ—এ তিন দলের নেতারা। জোটের নাম জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)। বলা হয়েছে, আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বাধীন দুই জোট থেকেই দূরে থাকবে এ জোট।

জোট গঠনের ঘোষণা দিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী।

সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের ‘জ্বলন্ত মানুষকে’ মুক্তি দেওয়ার উদ্দেশ্যে এ জোট গঠন করা হয়েছে। প্রধান দুই জোট থেকে ‘সমান দূরত্ব’ রাখার কথা বললেও এ জোটের তিন শীর্ষ নেতা বিরোধী দলের ঢাকামুখী ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচিতে আলাদাভাবে শর্তসাপেক্ষে সমর্থন জানিয়েছেন। কর্মসূচিতে সহিংসতা হলে ওই সমর্থন থাকবে না।

বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘তামাশার নির্বাচন করে আওয়ামী লীগ যদি পাঁচ বছর ক্ষমতায় থাকে, তাহলে কী হবে তা ভেবে শিহরিত হই। কারণ, একদলীয় শাসনে কী হয়, তা আমরা জানি।’

সাবেক রাষ্ট্রপতি বলেন, ‘একটিমাত্র দেশ ছাড়া আর কোনো দেশ এই তামাশার নির্বাচনের সঙ্গে নেই। দেশটি যে ভূমিকা পালন করেছে, তাতে আমরা হতাশ হয়েছি। নির্বাচনের পর যদি ওই দেশটির কথায় চলতে হয়, তাহলে আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব রইল?’

‘গণতন্ত্রের অভিযাত্রায়’ বাংলাদেশের পতাকা হাতে যুদ্ধাপরাধীদের পক্ষে স্লোগান দেওয়া হলে এনডিএফ তা কীভাবে দেখবে—এ প্রশ্নের জবাবে খেতাব পাওয়া মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী বলেন, ‘আপনি কারও মুখ ধরে রাখতে পারবেন না। বাংলাদেশে যার জন্ম, তার যেমন পতাকা ধরার অধিকার আছে, তেমনি তার যা কিছু তাই বলার অধিকার আছে। এই বলার জন্য আইনানুগ যে ধরনের বিচার করা যায় করতে পারেন, কিন্তু তাই বলে রাস্তায় গুলি করতে পারেন না।’ তিনি আরও বলেন, খালেদা জিয়া যদি এই আন্দোলনকে জনগণের মুক্তির আন্দোলন হিসেবে রাখতে পারেন, তিনি প্রশংসিত হবেন। আর যদি তা যুদ্ধাপরাধীদের মুক্তির আন্দোলনে পর্যবসিত হয়, তাহলে কেউ তাঁর প্রশংসা করবে না।

৫ জানুয়ারির নির্বাচনের উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, ‘ভোটের সঙ্গে সম্পৃক্তদের অনুরোধ করছি, দয়া করে আপনারা ভোটকেন্দ্রে যাবেন না। পুলিশ ভাইয়েরা আমাদের সন্তান। ভোটকেন্দ্রে গিয়ে তাঁদের ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো মানে নেই। সেনাবাহিনীর বন্ধুদের বলব, এই সময়ে নেমে জনগণের কাছে অপ্রিয় হওয়ার দরকার নেই।’

আ স ম আবদুর রব বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্রকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। আর নির্বাচন কমিশন হাঁটুভাঙা ‘দ’-এর ভূমিকা পালন করছে।’

সংবাদ সম্মেলনে এনডিএফের লিখিত বক্তব্য এবং এর নীতি ও কর্মসূচি পড়ে শোনান জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক। এতে তফসিল বাতিল করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা, দেশে সুস্থ ও সৃজনশীল রাজনৈতিক সংস্কৃতির বিকাশসহ সাত দফা নীতি তুলে ধরা হয়।