আ.লীগ-বিএনপি দুই দলেই দ্বন্দ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের আসন হিসেবে পরিচিত ফরিদপুর-১ আসনে (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলা) মনোনয়নপ্রত্যাশী একাধিক নেতা ও তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে বর্তমান সাংসদ আবদুর রহমানের দ্বন্দ্ব দেখা দিয়েছে। সাংসদবিরোধীদের মতে, আবদুর রহমানকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দিলে আসনটি ধরে রাখা যাবে।
এদিকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের কর্মকাণ্ডের কারণে আগামী নির্বাচনে ভালো ফল করার আশা করছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপি—এই তিন দলেরই সাবেক সাংসদ শাহ মো. আবু জাফর। বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এই নেতার দাবি, আগামী নির্বাচনে তিনিই বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের মনোনয়ন পাবেন। তবে তাঁর সঙ্গে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দুই নেতার বিরোধ প্রকাশ্য হয়েছে। মনোনয়ন চাইবেন আরও কয়েকজন।
গত নয়টি জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে সাতটিতেই এই আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরাই বিজয়ী হয়েছেন। ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে সাংসদ নির্বাচিত হন শাহ মো. জাফর। এর আগে তিনি আওয়ামী লীগের সাংসদ ছিলেন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হন বিএনপির খন্দকার নাসিরুল ইসলাম।
২০০৩ সালে চারদলীয় জোট সরকারের আমলে জাতীয় পার্টির নেতা শাহ জাফর বিএনপিতে যোগ দেন। ২০০৫ সালে আওয়ামী লীগের সাংসদ কাজী সিরাজুল ইসলাম দল ত্যাগ করলে আসনটি শূন্য হয়। পরে উপনির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে আরেক দফা সাংসদ নির্বাচিত হন শাহ জাফর। সর্বশেষ ২০০৮ সালের নির্বাচনে সাংসদ নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী আবদুর রহমান। বিভিন্ন উন্নয়নমূলক কাজ, প্রশাসনে যথেচ্ছ হস্তক্ষেপ না করা ও প্রতিদ্বন্দ্বীদের রাজনৈতিক কর্মকাণ্ডে খুব একটা ব্যাঘাত সৃষ্টি না করার বিষয়ে তাঁর ইতিবাচক ভূমিকা রয়েছে। পাশাপাশি তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, সুখে-দুঃখে নেতা-কর্মীদের কাছে না থাকা, প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের মূলধারাকে পাশ কাটিয়ে নিজের প্রতিনিধিদের দিয়ে উন্নয়নকাজ করানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মনোনয়ন চেয়ে গণসংযোগ শুরু করেছেন। এ ছাড়া ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি লিয়াকত সিকদার ও সাবেক যুগ্ম সম্পাদক খান মঈনুল ইসলাম এবং বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি মো. সাখাওয়াত হোসেনও গণসংযোগ করছেন। তবে এলাকায় তাঁরা অনিয়মিত।
এম এম মোশাররফ হোসেন বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে রাজনীতি করছি। আমার ধারণা, নেত্রী আমার যথাযথ মূল্যায়ন করবেন।’
এদিকে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে শাহ জাফর গত পাঁচ বছরে তিন উপজেলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন পুনর্গঠনের কাজে ব্যস্ত ছিলেন। তবে ২০০৫ সালে সাংসদ থাকার সময় তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। তাঁর সঙ্গে প্রকাশ্য বিরোধ রয়েছে অপর দুই মনোনয়নপ্রত্যাশী জিয়া পরিষদের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খন্দকার নাসিরুল ইসলাম ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. মনিরুজ্জামানের।
শাহ জাফর বলেন, ‘দল থেকে অন্য যাঁরা মনোনয়ন চাইবেন বলে জানা যাচ্ছে, তাঁদের সঙ্গে তো দল নেই।’ তিনি আরও বলেন, ‘সারা দেশে আওয়ামী লীগ অজনপ্রিয় হয়ে গেছে। এই আসনটি আওয়ামী লীগের এলাকা হলেও এবার আমরা ভালো করব।’
তবে সাংসদ আবদুর রহমান বলেন, গত নির্বাচনে জনগণকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তারচেয়ে বেশি কাজ হয়েছে। আওয়ামী লীগ মানেই উন্নয়ন—এ কথা জনগণ বুঝতে পেরেছে। তিনি আরও বলেন, ‘আমি প্রতি শুক্র ও শনিবার নির্বাচনী এলাকায় থাকি মূলত তৃণমূল নেতা ও সাধারণ জনগণের সঙ্গে যোগাযোগ রাখতে।’