আ.লীগ-বিএনপি দুশ্চিন্তায় সুবিধায় জাতীয় পার্টি
পৌরসভা নির্বাচনে জয়পুরহাটের আক্কেলপুরে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী এবং তাঁদের কর্মী-সমর্থকেরা দু- শ্চিন্তায় পড়েছেন। অন্যদিকে জাতীয় পার্টির একমাত্র প্রার্থী থাকায় স্বস্তিতে আছেন এই দলের কর্মী-সমর্থকেরা।
দলীয় সূত্রে জানা যায়, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আওয়ামী লীগ দলীয় প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করলেও বিএনপি এখনো তা করতে পারেনি। এ দুটি দলের মেয়র পদে দুজন করে দলীয় মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক এনায়েতুর রহমান আকন্দ মেয়র পদে দলীয় মনোনয়ন চেয়ে জেলা আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন কমিটিতে আবেদন করেছেন। তবে দলটি গতকাল শুক্রবার পর্যন্ত প্রার্থী ঘোষণা করতে পারেনি।
অন্যদিকে বিএনপি দলীয় প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া শুরু করতেই পারেনি। পৌর বিএনপির সভাপতি বর্তমান মেয়র আলমগীর চৌধুরী এবং উপজেলা বিএনপির সদস্য পৌর কাউন্সিলর রেজাউল করিম প্রচারণা চালাচ্ছেন। উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আমিনুল আহসান ছাড়া অন্য কেউ মনোনয়নপ্রত্যাশী নেই।
আওয়ামী লীগ ও বিএনপির মাঠপর্যায়ের ২০-২৫ জন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, এই দুটি দল থেকে দুজন করে মেয়র প্রার্থী মাঠে কাজ করছেন। এ কারণে দীর্ঘদিন এখানে দুটি দলের মধ্যে গ্রুপিং চলছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরীর সঙ্গে দলের বেশির ভাগ তরুণ নেতা-কর্মী কাজ করছেন। পৌর আওয়ামী লীগের আহ্বায়ক এনায়েতুর রহমান আকন্দের সঙ্গে দলটির প্রবীণ নেতা-কর্মীরা আছেন। বিএনপি নেতা পৌর মেয়র আলমগীর চৌধুরীর কাছের বেশ কিছু ত্যাগী নেতা-কর্মী ভিড়েছেন পৌর কাউন্সিলর রেজাউল করিমের পক্ষে। এ ছাড়া আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় রেজাউল করিম গুরুতর জখম হওয়ায় দলের নেতা-কর্মীদের একটি অংশের তাঁর ওপর দুর্বলতা আছে। দুই দলেই বিভিন্ন কারণে নেতা-কর্মীদের মধ্যে গ্রুপিং থাকায় পৌর নির্বাচনে তার প্রভাব পড়তে পারে। দুই দলেরই মেয়র প্রার্থী ঘোষণা না হওয়ায় মনোনয়নপ্রত্যাশী ও নেতা-কর্মীদের মধ্যে দুশ্চিন্তা বিরাজ করছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী বলেন, ‘তৃণমূলের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে মেয়র পদে আমাকেই দলীয় মনোনয়ন দেওয়া হবে। দলের হাইকমান্ডের সবুজসংকেত পেয়ে তফসিল ঘোষণার আগেই ইউপি চেয়ারম্যানের পদে ইস্তফা দিয়েছি।’ পৌর আওয়ামী লীগের আহ্বায়ক এনায়েতুর রহমান আকন্দ বলেন, ‘ইনশা আল্লাহ, আমাকেই দলীয় প্রার্থী করা হচ্ছে।’
বিএনপি নেতা পৌর মেয়র আলমগীর চৌধুরী বলেন, ‘দল থেকে আমাকে মনোনয়ন দেওয়া হবে। ফের মেয়র নির্বাচিত হয়ে অসমাপ্ত কাজ করতে পারব বলে আশা করছি।’ কাউন্সিলর রেজাউল করিম বলেন, ‘দলীয় নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে আমাকে দলীয় প্রার্থী করা হচ্ছে, এমন কথা জানতে পেরেছি।’
উপজেলা বিএনপির একাংশের সাধারণ সম্পাদক আতোয়ার রহমান বলেন, ‘দলীয় প্রার্থীর নাম ঘোষণা না হওয়ায় মনোনয়নপ্রত্যাশীরা দুশ্চিন্তায় পড়েছেন। তবে শিগগিরই দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে, এমনটা জানতে পেরেছি।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী মাস্টার বলেন, ‘আমরা শিগগিরই দলীয় প্রার্থীর নাম ঘোষণা করব।’
উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু ওহাব চৌধুরী বলেন, ‘জাতীয় পার্টিতে দলীয় মনোনয়ন পাওয়ার প্রতিদ্বন্দ্বিতা নেই। তাই আমিনুল আহসানই আমাদের একমাত্র প্রার্থী হচ্ছি।’