লন্ডন স্কুল অব ইকোনমিকসে শুক্রবার বাংলাদেশবিষয়ক মানবাধিকার সম্মেলনে বিএনপি উদ্দেশ্যমূলকভাবে সংঘর্ষ বাধিয়েছে। সম্মেলনে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা এ দাবি করেছেন। অন্যদিকে যুক্তরাজ্য আওয়ামী লীগ বলেছে বিএনপিই সংঘর্ষের সূচনা করে। আর স্থানীয় বিএনপির দাবি মঈন খানকে মঞ্চে উঠতে না দেওয়া এবং ব্যারোনেস পলা মঞ্জিলার পক্ষপাতদুষ্ট আচরণই ঘটনার জন্য দায়ী।লন্ডন স্কুল অব ইকোনমিকসে ‘বাংলাদেশের গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ভুমিকা’ শীর্ষক ওই সম্মেলনের আয়োজক ছিল ইন্টারন্যাশনাল বাংলাদেশ ফাউন্ডেশন। কিন্তু সম্মেলন শুরুর পর সংঘর্ষের কারণে তা পণ্ড হয়ে যায়। শুক্রবার সম্মেলনের শুরুতে ব্যারোনেস পলা মঞ্জিলা উদ্দীন, আমন্ত্রিত অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা মশিউর রহমান, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, হাইকমিশনার সাইদুর রহমান খান ও মঈন খান মঞ্চে ওঠেন। কিন্তু মঞ্চে অতিথিদের চেয়ে আসনসংখ্যা কম হওয়ায় ব্যারোনেস পলা মঞ্জিলা সব অতিথিকে দর্শকসারিতে ফিরে যেতে বলেন। পরে শিরীন শারমিন চৌধুরী, হাইকমিশনার ও মশিউর রহমান মঞ্চে এলেও মঈন খান আর মঞ্চে ওঠেননি। বরং তিনি জানান, দর্শকসারিতে বসতেই তিনি স্বচ্ছন্দ বোধ করেন। সম্মেলনে হাইকমিশনারের স্বাগত বক্তব্যের পর যুক্তরাজ্য বিএনপির সভাপতি কমর উদ্দীন তাঁর বক্তব্যে বর্তমান সরকারের সময়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতনের সমালোচনা করেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, নির্ধারিত পাঁচ মিনিটের পরও কমর উদ্দীন তাঁর বক্তব্য শেষ না করে তা অব্যাহত রাখলে ব্যারোনেস পলা মঞ্জিলা তাঁকে বক্তব্য শেষ করতে বলেন। কমর উদ্দীন বক্তব্য চালিয়ে যান এবং আট মিনিট পর বক্তব্য শেষ করেন। এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে সুলতান শরীফ বক্তব্য দেন। কিন্তু তিনি দুই মিনিট বক্তব্য না দিতেই বিএনপির সমর্থকেরা প্রথম হইচই শুরু করেন এবং প্রতিপক্ষের দিকে চেয়ার ছুড়ে মারেন। এর পরপরই উভয় পক্ষে সংঘর্ষ শুরু হয়ে যায়। এ ব্যাপারে যুক্তরাজ্য যুবলীগের সভাপতি আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সম্মেলন শুরুর পর বিএনপির সমর্থকেরাই সংঘর্ষের সূচনা এবং প্রতিপক্ষের দিকে চেয়ার তুলে ছুড়ে মারেন। ঘটনার পর বিএনপির সমর্থকদের এমন আচরণের কারণ জানতে চাইলে যুক্তরাজ্যের সভাপতি কমর উদ্দীন প্রথম আলোকে বলেন, ব্যারোনেস পলা মঞ্জিলার পক্ষপাতদুষ্ট আচরণের জন্যই সম্মেলন পণ্ড হয়ে যায়। মঈনকে মঞ্চে বসতে না দেওয়ার কারণেই বিএনপির সমর্থকেরা ক্ষুব্ধ হয়েছেন বলে তিনি জানান। মঈন খান অনুুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। কিন্তু তাঁকে মঞ্চে বসতে দেওয়া হয়নি। ব্যারোনেস পলা মঞ্জিলা তাঁর সম্পর্কে কমর উদ্দীনের এই অভিযোগ প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, মঈনকে মঞ্চে ডাকা হলেও তিনি দর্শকসারিতেই বসবেন বলে জানান।এদিকে সংঘর্ষের ঘটনাকে পূর্বপরিকল্পিত বলে মনে করছেন আওয়ামী লীগের নেতা সুলতান শরীফ। তিনি বলেন, সম্মেলন লন্ডন সময় বেলা তিনটায় শুরু হয়ে সন্ধ্যা ছয়টায় শেষ হওয়ার কথা থাকলেও বিএনপি বিকেল সাড়ে পাঁচটায় সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংশোধনী: গত শুক্রবার লন্ডন স্কুল অব ইকোনমিকসে বাংলাদেশবিষয়ক মানবাধিকার সম্মেলনে আবদুল গাফ্ফার চৌধুরী উপস্থিত ছিলেন বলে গত শনিবার প্রথম আলোর প্রতিবেদনে ছাপা হয়েছে। প্রকৃতপক্ষে আবদুল গাফ্ফার চৌধুরী উপস্থিত ছিলেন না।