আ.লীগ-বিএনপি পাল্টাপাল্টি জনসভা, রায়গঞ্জে উত্তেজনা
আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি একই দিন একই সময়ে পাশাপাশি স্থানে জনসভা আহ্বান করায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, রায়গঞ্জ উপজেলা বিএনপি ২৫ ফেব্রুয়ারি বেলা দুইটায় সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী বাজার চত্বরে জনসভা আহ্বান করেছে। এ জন্য তিন-চার দিন ধরে পোস্টার লাগানো হচ্ছে। এদিকে সোনাখাড়া ইউনিয়ন আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ইউনিয়নের নিমগাছী ডিগ্রি কলেজ মাঠে একই দিন বেলা দুইটায় জনসভা আহ্বান করে। সোনাখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে জনসভার বিষয়ে বুধবার থেকে মাইকিং শুরু করেছে। দুই দলের একই দিন একই সময়ে পাশাপাশা পাল্টাপাল্টি জনসভা করার ঘোষণায় উপজেলাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান তালুকদার বলেন, বিএনপির কর্মসূচিকে বাধাগ্রস্ত করতেই আওয়ামী লীগ পাল্টা জনসভা ডেকেছে।উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস সরকার বলেন, চলমান আন্দোলন কর্মসূচির আলোকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোনাখাড়া ইউনিয়ন আওয়ামী লীগ এ কর্মসূচি হাতে নিয়েছে।