আ.লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে গতকাল শনিবার বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১২ জন আহত হয়েছেন। এ সময় আওয়ামী লীগের কর্মীরা বিএনপির ১০ কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে আগের ঘটনার জের ধরে পিরোজপুর গ্রামের পশ্চিমপাড়ায় আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের কর্মীরা ধারালো দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বিএনপির কর্মী আনারুল ইসলাম, সাদ্দাম হোসেন, সোহেল আলী, আসাদুল হক, আসাদুজ্জামান, আমজাদ হোসেন, সামসুল হকসহ ১০ জনের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন। এতে ওই সাতজনসহ ১১ জন আহত হন।
বেলা সাড়ে তিনটার দিকে বিএনপির কর্মীরা আওয়ামী লীগের স্থানীয় কর্মী আলমগীর হোসেনকে রড দিয়ে পিটিয়ে আহত করেন। তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।