আ.লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা-ভাঙচুর
কিশোরগঞ্জের কুলিয়ারচরে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে তিন দিন ধরে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। দুই পক্ষের মধ্যে চার দফা সংঘর্ষে উভয় দলের কার্যালয় ও ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। আহত হয় অন্তত ১৫ জন।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় দাঁড়িয়াকান্দি এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীরের নেতৃত্বে অবরোধবিরোধী মিছিল বের করা হয়। একই সময় অবরোধের পক্ষে বিএনপি মিছিল বের করে। দুটি মিছিল কাছাকাছি এলে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দাঁড়িয়াকান্দিতে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ চলছে—এমন খবরে ছয়সূতিতে উত্তেজনা শুরু হয়।
একপর্যায়ে আওয়ামী লীগের সমর্থকেরা বিএনপির কার্যালয়ে দুই দফা অগ্নিসংযোগ করে। বিএনপিও আওয়ামী লীগের কার্যালয়ে পাল্টা ভাঙচুর চালায়। ছয়সূতি বাজার ও বাসস্ট্যান্ডে ঢুকে প্রতিপক্ষের অন্তত ১০টি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করে বিএনপি। বুধবার সকালে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। গতকাল বিকেলে আওয়ামী লীগের সমর্থকেরা মিছিল নিয়ে উপজেলার ছয়সূতি বাজারে হামলা চালায়। এ সময় বিএনপির সমর্থকদের আটটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট হয়।