আ.লীগ-বিএনপি সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় গতকাল বিকেলে সদর থানা লক্ষ্য করে হাতবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। নোয়াখালীতে ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২৫ জন। নোয়াখালী, চাঁদপুরসহ কয়েকটি জেলায় ৩৬টি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। যশোরের মনিরামপুরে আওয়ামী লীগের প্রার্থীর কর্মীদের ওপর হামলা ও কয়েকটি দোকানে আগুন দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়া সদর থানা লক্ষ্য করে বিকেলে একটি হাতবোমা ছোড়ে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। পুলিশ জানায়, থানার সামনে নিউমার্কেটের প্রবেশমুখের ফুটপাত থেকে হাতবোমাটি ছোড়া হয়।
বগুড়ার পুলিশ সুপার (এসপি) মো. মোজামেঞ্চল হক বলেন, দুষ্কৃতকারীরা থানা লক্ষ্য করে বোমা ছুড়ে নিউমার্কেটে কেনাকাটা করতে আসা মানুষের সঙ্গে মিশে যায়।
এর আগে শনিবার রাত ১০টার দিকে বগুড়া-৬ (সদর) আসনের একক প্রার্থী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নুরুল ইসলামের শহরের নারুলী এলাকার বাসভবন লক্ষ্য করে পরপর দুটি পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। নুরুল ইসলামের ভাতিজা রেজাউল করিম জানান, পেট্রলবোমা দুটি বিস্ফোরিত হলেও বাসার কোনো ক্ষতি হয়নি।
নোয়াখালীতে গতকাল সকালে বাস, পিকআপ ও অটোরিকশাসহ তিনটি যানবাহনে অগ্নিসংযোগ এবং ফায়ার সার্ভিসের গাড়িসহ ছয়-সাতটি গাড়ি ভাঙচুর করেন ১৮-দলীয় জোটের কর্মীরা। সকাল সাড়ে ১০টার দিকে শহরের পৌর বাজার থেকে গোদার মসজিদ এলাকায় এসব ঘটনা ঘটে। এ সময় ১৮-দলীয় জোটের কর্মীদের সঙ্গে পুলিশের কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে অন্তত ২৫ জন নেতা-কর্মী আহত হন।
চাঁদপুর শহরে সরকারি কলেজের সামনে পাথরবোঝাই একটি ট্রাকে আগুন এবং শহরের বিভিন্ন স্থান, হাজীগঞ্জ ও বলাখালে পুলিশের গাড়িসহ ২০টি গাড়ি ভাঙচুর করেন বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীরা। গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব ঘটনা ঘটায়। এ ছাড়া হাজীগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন।
যশোরের মনিরামপুর উপজেলায় শনিবার মধ্যরাত থেকে গতকাল রোববার দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় তিনটি হামলার ঘটনা ঘটে। চাঁদপুর বাজারের বিএনপির কার্যালয়সহ পাঁচটি দোকানে আগুন দেওয়া হয়। এ ছাড়া নির্বাচনী প্রচারে গিয়ে হামলার শিকার হন আওয়ামী লীগের প্রার্থী খান টিপু সুলতানের ছেলে হুমায়ুন কবির। এ সময় তাঁর ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহম্মেদকে আটকের প্রতিবাদে রাতে ভোলার সাত উপজেলায় বিক্ষোভ হয়েছে। লালমোহন উপজেলায় বিক্ষোভ বের করলে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৩২ জন আহত হন। এ সময় উভয় পক্ষ চারটি গাড়ি ও ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করে। এ ঘটনার প্রতিবাদে বিএনপি আজ সোমবার লালমোহনে হরতাল ডেকেছে।