আ.লীগ-বিএনপি সংঘর্ষ আহত ১০ আটক ৪
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে ঘর তোলার জের ধরে গতকাল বৃহস্পতিবার বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে।এ ঘটনায় পুলিশ উপজেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াছ মিয়াসহ চারজনকে আটক করেছে।আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় ও অন্যদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সম্প্রতি কাঁঠালিয়া উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন একটি টিনের ঘর তুলেছেন। এ ঘটনার জের ধরে উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক নাসির উদ্দিন মুন্সির নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা গতকাল দুপুর ১২টার দিকে আলতাফ হোসেন ও তাঁর ছেলেকে মারধর করেন। এ খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে বাসস্ট্যান্ডে জড়ো হন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আলতাফ হোসেন, তাঁর ছেলে শহিদুল ইসলাম, ছাত্রলীগের কর্মী তরুণ, হেলাল, সজিব, শাহিন ও রাহাত এবং শ্রমিক দলের আহ্বায়ক নাসির উদ্দিন মুন্সি, যুবদলকর্মী মনির খান ও মো. মারজু আহত হন। এ ঘটনায় পুলিশ কাঁঠালিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াছ মিয়া, বিএনপির কর্মী শাহআলম মোল্লা, সজিব মুন্সি ও মিজানুর রহমানকে আটক করেছে।কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপপরিদর্শক হানিফ সিকদার বলেন, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।