আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৮
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় গতকাল বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে উভয় দলের কমপক্ষে সাতজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, গতকাল সকাল সাড়ে নয়টায় মাটিরাঙ্গা উপজেলার বটতলী এলাকার গাজী নগর নামের স্থানে প্রথমে আওয়ামী লীগের সমর্থকেরা পৌর শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মনির হোসেনকে (৪০) মারধর করেন। এরপর গুজব ছড়িয়ে পড়ে, মনির হোসেন মারা গেছেন। এ খবরে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকদের ওপর পাল্টাহামলা চালান। এতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সমর্থক জাবেদ হোসেন, আবু তালেব, মোস্তফা কামাল খোকন, দাউদ মিয়া, মো. সেলিম ও মো. হানিফ আহন হন। তাঁদের প্রথমে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জাবেদ হোসেন, সাইফুল ইসলাম, মোস্তফা কামাল ও দাউদ মিয়াকে খাগড়াছড়ি জেলা হাসপাতালে নেওয়া হয়েছে।
মাটিরাঙ্গা থানার ওসি মাঈন উদ্দিন খান বলেন, ‘যত দূর শুনেছি, ভুল-বোঝাবুঝি থেকেই সংঘর্ষের ঘটনা ঘটেছে।’ খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র আবু ইউসুফ জানান, প্রথমে পৌর শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মনির হোসেনকে আওয়ামী লীগের কর্মীরা হামলা চালান। পরে মনির মারা গেছেন গুজব ছড়িয়ে পড়লে বিএনপির সমর্থকেরা আওয়ামী লীগের কর্মীদের ওপর হামলা চালান। এতে উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন বলে তিনি জানান।