আ.লীগ-বিএনপি সংঘর্ষ, সাত দোকানে আগুন, গাড়ি ভাঙচুর
পাবনার কাশীনাথপুরে গতকাল শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়সহ অন্তত ১৫টি দোকানে অগ্নিসংযোগ ও পাঁচ-ছয়টি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাবনার বেড়া, সাঁথিয়া ও সুজানগর উপজেলার মিলনস্থল কাশীনাথপুরে গতকাল সন্ধ্যার আগে হরতালের পক্ষে মিছিল বের করে সাঁথিয়ার কাশীনাথপুর ও বেড়ার জাতসাখিনী ইউনিয়ন বিএনপি। পরে হরতালের বিপক্ষে মিছিল বের করে কাশীনাথপুর, জাতসাখিনী ও সুজানগরের আহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগ। এ সময় দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষ বাধলে উভয় পক্ষ দেশি অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে উভয় পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হন।
সংঘর্ষ চলাকালে বিএনপির সমর্থকেরা জাতসাখিনী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়সহ পাঁচটি দোকান ও পাঁচ থেকে ছয়টি গাড়িতে ভাঙচুর চালান। পরে সন্ধ্যার দিকে আওয়ামী লীগের সমর্থকেরা সংগঠিত হয়ে আহাম্মদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা জালাল মিয়ার বিপণিবিতানে অগ্নিসংযোগ ও কয়েকটি দোকান ভাঙচুর করেন। আগুনে সাতটি দোকান পুড়ে যায়। অগ্নিসংযোগের খবর পেয়ে বেড়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান।
জালাল মিয়া অভিযোগ করেন, আওয়ামী লীগের লোকজন তাঁর বিপণিবিতানে আগুন দিয়েছে। আগুনে অর্ধকোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
বেড়া ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার নূরুল ইসলাম জানান, তাঁরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
বেড়া-সাঁথিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু বকর সিদ্দিক জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে আমিরপুর থানায় উভয় পক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছে বলে তিনি জানান।