আ.লীগ-বিএনপি সংঘর্ষ ২৫ দোকান ভাঙচুর
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গত শুক্রবার রাতে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়েছে। ২৫টি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়। এতে পুলিশের পাঁচ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে ভোট দেওয়ার ঘটনা নিয়ে কথা কাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটে।
পুলিশ বিএনপি-সমর্থিত ইউপি সদস্য আলতাফ হোসেনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার পুলিশ মামলা করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, ডেকোরেটর ব্যবসায়ী সাইফুল ইসলাম উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীকে ভোট দেন। এ নিয়ে চর রৌহা বাজারে ইউপি সদস্য আলতাফ হোসেন তাঁকে জেরা করেন। এ সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের ২৫টি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শটগানের ২৫টি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইটপাটকেল ও লাঠিসোঁটার আঘাতে এসআই আবুল হাশেম, এএসআই সাইফুল ইসলাম, আনসার ব্যাটালিয়নের ল্যান্সনায়েক সামছুল আলম, সিপাহি ফিরোজ খান ও পুলিশ সদস্য সরোয়ার হোসেন আহত হন।
এ ঘটনায় গতকাল বিকেলে সরিষাবাড়ী থানার এএসআই সাইফুল ইসলাম ইউপি সদস্য আলতাফ হোসেনকে প্রধান আসামি করে বিএনপির ১৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন। আলতাফ হোসেন, স্বপন মিয়া ও হূদয়কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
একই সময় উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করা হয়। এতে বক্তব্য দেন সরিষাবাড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার। তিনি বলেন, ‘আমাকে ভোট দেওয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা আমার সমর্থকদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন বলেন, ‘ফরিদুল কবীর তালুকদার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তাঁর সমর্থকেরা আমাদের নেতা-কর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালাচ্ছে।’
ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত চর রৌহা বাজারের সাইফুল ইসলাম বলেন, ‘আমি ও আমার পরিবারের লোকজন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীকে ভোট দিয়েছি। এ কারণে আমার দোকানে বিএনপির সমর্থকেরা ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।’
চর রৌহা বাজারের ব্যবসায়ী বিএনপির সমর্থক ফরিদ মিয়া বলেন, ‘আওয়ামী লীগের সমর্থকেরা আমার মনিহারি দোকানে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।’
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম কামরুল আহসান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে শটগানের ২৫টি গুলি ছোড়া হয়েছে।