আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১০, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া বাজারে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা, ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গত বুধবার রাত আটটা থেকে গতকাল বৃহস্পতিবার বেলা দুইটা পর্যন্ত এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, এ ঘটনায় কয়েকটি দোকানে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ছাড়া গতকাল বৃহস্পতিবার দুটি মোটরসাইকেল ভাঙচুর এবং একটিতে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, বুধবার রাত আটটার দিকে কথাকাটাকাটির একপর্যায়ে বিএনপির এক কর্মী যুবলীগের এক কর্মীকে মারধর করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং রাতে একাধিকবার পাল্টাপাল্টি হামলা ও ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন।
স্থানীয় সূত্র জানায়, এ ঘটনার জের ধরে গতকাল সকাল থেকেই আমিশাপাড়া বাজারে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। গতকাল দুপুর ১২টার দিকে যুবলীগের একদল কর্মী বিএনপি-সমর্থকদের তিনটি দোকানে হামলা-ভাঙচুর ও লুটপাট চালান। একই সময় তাঁরা বিএনপির কর্মীদের দুটি মোটরসাইকেল ভাঙচুর ও একটিতে অগ্নিসংযোগ করেন।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান বলেন, ‘যুবলীগের কর্মীরা পুলিশের সামনেই তাঁর ভাইয়ের দোকানসহ তিনটি দোকানে হামলা-ভাঙচুর ও লুটপাট চালান। কিন্তু পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বলেন, ‘বিএনপির কর্মীরাই বুধবার রাতে প্রথমে যুবলীগের কর্মীদের ওপর হামলা করেছেন। যুবলীগের কেউ কারও ওপর হামলা কিংবা দোকান ভাঙচুর করেননি।’
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ বলেন, বিএনপি ও আওয়ামী লীগের কর্মীরা আধিপত্য বিস্তার নিয়ে পাল্টাপাল্টি হামলা-সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশের সামনে দোকানে হামলা-ভাঙচুরের কথা ঠিক নয় দাবি করে ওসি বলেন, ‘যুবলীগের কর্মীরা দোকানে হামলা চালিয়েছিলেন। এ সময় ধাওয়া করে ধরার চেষ্টা করলে তাঁরা পালিয়ে যান।’