আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২০, গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী বাজারে সালিস বৈঠকে বাগিবতণ্ডার জের ধরে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গত শুক্রবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ চর এলাহী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল মতিন ওরফে তোতা, তাঁর ভাই ও তিন ছেলেকে গ্রেপ্তার করে।
আহত ব্যক্তিদের মধ্যে নয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও তিনজনকে নোয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চর এলাহী ইউপি চেয়ারম্যান আবদুল মতিন কিছুদিন আগে এক খণ্ড জমি কেনার জন্য আওয়ামী লীগের সমর্থক আবদুল হক ওরফে হেঞ্জুকে তিন লাখ টাকা দেন। পরে আবদুল মতিন ওই জমির কাগজপত্র যাচাই করে গরমিল দেখতে পান। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ দেখা দিলে বিষয়টি মীমাংসার জন্য গত শুক্রবার সন্ধ্যার পর চর এলাহী বাজারে সালিস বৈঠক বসে। বৈঠকে আবদুল মতিনের পক্ষে বিএনপির ও আবদুল হকের পক্ষে আওয়ামী লীগের লোকজন বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। রাত নয়টা থেকে ১০টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে চর এলাহী বাজারের তিন-চারটি দোকান, দুটি মোটরসাইকেল ভাঙচুর এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ইউপি চেয়ারম্যান, তাঁর ভাই সিরাজুল হক এবং তিন ছেলে ইব্রাহিম, ইকবাল হোসেন ও মো. সবুজকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় গতকাল শনিবার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গনি, আবদুল মতিনসহ ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাজেদুর রহমান বলেন, জমি নিয়ে ইউপি চেয়ারম্যানের সঙ্গে আওয়ামী লীগের এক সমর্থকের বিরোধ ছিল। এ নিয়ে সালিস বৈঠকে বাগিবতণ্ডার একপর্যায়ে বিষয়টি রাজনৈতিক সহিংসতায় রূপ নেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।