আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৩৫
সিরাজগঞ্জে গতকাল শনিবার আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেলে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলের ইবি রোডের দলীয় কার্যালয় থেকে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে ফিরছিল। পথে কলেজ রোড ও বড় পুলের কাছে দুই দলের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। সংঘর্ষ ছড়িয়ে পড়ে শহরের ইবি রোড, কলেজ রোড, ইলিয়ট ব্রিজ, গোশালা এবং এসএস রোড এলাকায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাঁদানে গ্যাসের অর্ধ শতাধিক শেল ও শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় দলের কমপক্ষে ৩৫ জন আহত হন। আহতদের মধ্যে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনও রয়েছেন। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিলন হক বলেন, কলেজ রোড থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা শান্তিপূর্ণ মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষের সূত্রপাত হয়।