আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গতকাল রোববার আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে পুলিশ ও উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করা হয় ও আগুন ধরিয়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বিকেলে পৌর এলাকার শিবগঞ্জ রোডের বিএনপির কার্যালয়ের সামনে উপজেলা বিএনপির সভাপতি এ বি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশ চলছিল। বিএনপির একটি ছোট মিছিল ওই সমাবেশের দিকে যাচ্ছিল। গফরাগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় মিছিলটি আওয়াীগ লীগের কর্মীদের হামলার শিকার হয়। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই এ সংঘর্ষ পৌর এলাকায় ছড়িয়ে পড়ে। উভয় পক্ষ শতাধিক গুলি ছোড়ে।
খবর পেয়ে পুলিশ এসে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে প্রায় ৫০টি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের বেশ কিছু শেল নিক্ষেপ করে। এ পর্যায়ে উভয় পক্ষ ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় দুই পুলিশ সদস্য ও উভয় পক্ষের কমপক্ষে ৪৮ জন আহত হয়েছেন।
সংঘর্ষের সময় উভয় পক্ষের লোকজন রেলওয়ে স্টেশনের বুকিং কার্যালয় ভাঙচুর করেন। এ ছাড়া তাঁরা একটি তুলার গুদামে আগুন ধরিয়ে দেন এবং বেশ কিছু দোকানপাট ও বাসভবনে ভাঙচুর চালানো হয়।
উপজেলা বিএনপির সভাপতি এ বি সিদ্দিকুর রহমান বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ সমাবেশ আওয়ামী লীগের কর্মীরা হামলা চালিয়েছেন।’ এ ব্যাপারে কথা বলতে আওয়ামী লীগের একাধিক নেতার মুঠোফোনে ফোন করলেও তাঁরা ফোন ধরেননি।
গফরগাঁও থানার ওসি আছাবুর রহমান রাতে জানান, ওই সংঘর্ষ থামাতে পুলিশকে বেশ কিছু রাবার বুলেট ছুড়তে হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।