আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৯
দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নে গতকাল মঙ্গলবার আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উপজেলার কাটলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সামছুল আলমসহ আওয়ামী লীগের তিনজন ও বিএনপির এক কর্মী আহত হন। চেয়ারম্যান সামছুল আলমের অবস্থা আশঙ্কাজনক। এদিকে গত সোমবার রাতে খানসামা উপজেলায় জামায়াত-শিবিরের কর্মীদের ছুরিকাঘাতে স্থানীয় কৃষক লীগের এক নেতাসহ কমপক্ষে পাঁচজন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের তৃতীয় দিনে গতকাল বিরামপুরের কাটলা ইউনিয়নে হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতারা কাটলা বাজারে মুখোমুখি হন। সেখানে দুই পক্ষের সংঘর্ষে কাটলা ইউপি চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সভাপতি সামছুল আলমসহ আওয়ামী লীগের তিনজন ও বিএনপির এক কর্মী আহত হন।
সামছুল আলমকে প্রথমে বিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক সরোয়ার আলম জানান, সামছুল আলমের মাথায় ও গলায় গুরুতর ক্ষতের সৃষ্টি হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিকেলে সামছুল আলমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানা গেছে। সেখানে তাঁকে আইসিইউতে রাখা হয়েছে।
এদিকে সকাল থেকে বিরামপুর শহরেও দুই দলের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে। পরে পুলিশ দুই পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুর পর্যন্ত এলাকায় বিজিবি মোতায়েন রাখা হয়।
পৌর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক শিরন আলম জানান, হরতালে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে বাধা দেওয়ায় উত্তেজনার সৃষ্টি হয়।
এদিকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলতাফুজ্জামান জানান, বিএনপি-জামায়াত হরতালের নামে এলাকায় যা করছে, তার প্রতিবাদে আওয়ামী লীগ মিছিল বের করে। তখন বিএনপি লাঠিসোঁটা নিয়ে মিছিলটিতে হামলা করলে উত্তেজনার সৃষ্টি হয়।
এদিকে গত সোমবার রাত সাড়ে আটটার দিকে খানসামা উপজেলার চৌরঙ্গী বাজারে জামায়াত-শিবিরের কর্মীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে স্থানীয় ভেড়ভেড়ী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রহমানসহ পাঁচজন আহত হয়েছেন। জেলা কৃষক লীগের সভাপতি সাখাওয়াত হোসেন জানান, গুরুতর আহত মামুনুরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।