চাঁপাইনবাবগঞ্জের চারটি পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির ৪ বিদ্রোহী প্রার্থীসহ ২৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। চারটি পৌরসভাতেই জামায়াতের নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় আটজন, শিবগঞ্জে পাঁচজন, নাচোলে সাতজন ও গোমস্তাপুরে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন সদ্য যোগদান করা আতাউর রহমান। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সদস্য বর্তমান মেয়র আবদুল মতিন ও পৌর বিএনপির সহসভাপতি শাহনেওয়াজ খান সিনহা। এ ছাড়া মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের সামিউল হক ওরফে লিটন, জাতীয় পার্টির শাহজাহান আলী ও জাসদের মনিরুজ্জামান। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা জামায়াতের আমির নজরুল ইসলাম ও সহকারী সেক্রেটারি আবদুস সবুর।
শিবগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ময়েন খান। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইমান আলী ও পৌর আওয়ামী লীগের সভাপতি কারিবুল হক রাজিন। এ ছাড়া মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির উপজেলা সভাপতি সফিকুল ইসলাম। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন জামায়াতের জেলা শাখার সহকারী সেক্রেটারি জাফর আলী।
নাচোলে আওয়ামী লীগের আবদুর রশিদ খান ওরফে ঝালু, বিএনপির কামরুজ্জামান, জাতীয় পার্টির তৌহিদুল ইসলাম শাহিন এবং স্বতন্ত্র হিসেবে বর্তমান মেয়র আবদুল মালেক চৌধুরী, আমানুল্লাহ-আল মাসুদ, আসলাম হোসেন ও জামায়াতের উপজেলা প্রচার সম্পাদক রফিকুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন।
গোমস্তাপুরে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের গোলাম রাব্বানী বিশ্বাস, বিএনপির তারিক আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াতের পৌর আমির মিজানুর রহমান।