আ.লীগ-বিএনপিতে দ্বন্দ্ব, সুবিধায় জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে দল দুটি বিপাকে পড়েছে। অন্যদিকে একক প্রার্থী থাকায় সুবিধাজনক অবস্থানে রয়েছে জামায়াত।
টেকনাফে চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাফর আহমদ ও তাঁর ছেলে মোস্তাক আহমদ, উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার কামাল চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী।
দলীয় সূত্র জানায়, দলীয় সমর্থন নিয়ে আওয়ামী লীগের দুই প্রার্থী ও তাঁদের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। গত মঙ্গলবার স্থানীয় সাংসদ আবদুর রহমান বদি ও জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম আহমদ হোসেন জাফর আহমদকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেন। কিন্তু এ ঘোষণাকে অবৈধ দাবি করে পরদিন সংবাদ সম্মেলন করে উপজেলা আওয়ামী লীগ। সংবাদ সম্মেলনে মো. আলীকে দলের প্রার্থী ঘোষণা করা হয়।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান সাংসদ বদি ও সাবেক সাংসদ মো. আলীর দ্বন্দ্ব প্রকট হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর বলেন, দলীয় সমর্থন নিয়ে আওয়ামী লীগ এখন বিভক্ত। এককভাবে প্রার্থী নির্ধারণ করতে না পারলে অন্য দলের প্রার্থী জিতে যেতে পারেন।
এদিকে দলের সমর্থন নিয়ে বিএনপিতে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। গত এক সপ্তাহে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ শাহাজাহান চৌধুরী দুই প্রার্থীর সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। কিন্তু চেয়ারম্যান পদে একক প্রার্থী নির্ধারণ করতে পারেননি।
শাহাজাহান চৌধুরী বলেন, উপজেলা নির্বাচন নিয়ে মাঠপর্যায়ে কোন্দল দেখা দিয়েছে। দুই প্রার্থীকে নিয়ে সমঝোতার চেষ্টা চলছে।
কয়েকজন সাধারণ ভোটার বলেন, দলের একাধিক প্রার্থী থাকায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকেরা এখন দ্বিধাদ্বন্দ্বে। অন্যদিকে একক প্রার্থী হওয়ায় সুবিধাজনক অবস্থায় আছেন জামায়াত-সমর্থিত প্রার্থী।