আ.লীগ-বিএনপির আলোচনায় শেয়াল, উর্দি, আরও কত কি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। সরকারি ও বিরোধী দলের ২৩৩ জন সাংসদ প্রায় ৪২ ঘণ্টার বেশি সময় ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা করেন। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর সমাপনী বক্তব্যে সংসদের চিফ হুইপ আবদুস শহীদের উত্থাপিত ধন্যবাদ প্রস্তাবটি সংসদ সর্বসম্মতভাবে গ্রহণ করে। ৪ জানুয়ারি রাষ্ট্রপতি জিল্লুর রহমান সংসদে ভাষণ দেওয়ার পর এই ধন্যবাদ প্রস্তাবটি উত্থাপন করেন চিফ হুইপ। বছরের প্রথম অধিবেশনে সংসদের রীতি অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন।বৃহস্পতিবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার শেষ দিনে সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার বলেন, আর যাতেকেউ অবৈধভাবে ক্ষমতায় আসতে না পারে, সে কারণেই বিএনপি গত সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল। বিএনপি সেদিন নির্বাচনে না গেলে জেনারেল মইন বিদেশিদের বলতেন, ‘আরও ছয় মাস সময় দেন। সব দলকে নিয়ে নির্বাচন করে দেব, যেমনটি এরশাদ সাহেব করেছিলেন। শেয়ালকে রাস্তা দেখিয়ে গেছেন এরশাদ।’ তিনি বলেন, ওই সব শেয়ালের হাত থেকে রক্ষা করে সংসদীয় গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হবে। জমিরউদ্দিন সরকার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা আপনারা যেমন বলতে পারেন, তেমনি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বললে আপনারা বাধা দিতে পারেন না।আওয়ামী লীগের সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা ছিলেন, এ কথা কেউ অস্বীকার করে না।সেক্টর কমান্ডার হিসেবে তাঁর অবদান কেউ অস্বীকার করে না। কিন্তু স্বাধীনতার ঘোষক নিয়ে পঞ্চম সংশোধনীর রায় এ বিষয়টি ফয়সালা করে দিয়েছে। তাই এ নিয়ে আর বিতর্ক না করাই ভালো। কারণ, ১৯৭৫ সালের পর এ পর্যন্ত সামরিক আইনে যা কিছু ঘটেছে, তার সবই অবৈধ।স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্য সময়ের তুলনায় ‘ভালো’ দাবি করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী সন্ত্রাস-চাঁদাবাজি-টেন্ডারবাজি রোধে সফলভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু একটি মহল সুপরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ফায়দা হাসিল করতে চায়। চিফ হুইপ আবদুস শহীদ বলেন, ঘোষণা দেওয়া আর পাঠ করা এক নয়। বঙ্গবন্ধুর পক্ষে উনি ঘোষণাটি পাঠ করেছিলেন মাত্র।বিরোধী দলের প্রধান হুইপ জয়নাল আবদিন ফারুক বলেন, জিয়াউর রহমান সামরিক শাসন জারি করেননি, আওয়ামী লীগের বিকল্প নেতা খন্দকার মোশতাকই তা জারি করেছিলেন। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার হাইকোর্টের কাঁধে বন্দুক রেখে পঞ্চম সংশোধনীর বিষয় নিষ্পত্তি করতে চায়। তারেক রহমানের বিরুদ্ধে মামলা দেওয়ার সমালোচনা করে জয়নাল আবদিন বলেন, ভিওআইপির কারণে ৩০ কোটি টাকা সরকার রাজস্ব হারিয়েছে। প্রধানমন্ত্রীর ছেলে সরাসরি এর সঙ্গে জড়িত বলে শোনা যাচ্ছে।