সোনাগাজী পৌরসভা নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক প্রার্থী রয়েছেন। পাশাপাশি চারদলীয় ঐক্যজোটের অন্যতম শরিক দল জামায়াতে ইসলামিরও প্রার্থী রয়েছেন।মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র জামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর আলম, উপজেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আলম ভূঁঞা, সোনাগাজী পৌরসভা জামায়াতের আমির মোহাম্মদ হোসাইন ও আবু নাছের। বিএনপির নেতা জামাল উদ্দিন বলেন, ‘দল থেকে আমাকে একক প্রার্থী করা হয়েছে।’ বিএনপির অপর প্রার্থী সৈয়দ আলম ভূঁঞা বলেন, ‘দলীয় সমর্থকেরা যাকে যোগ্য মনে করবেন, তাকে ভোট দেবেন।’ উপজেলা আওয়ামী লীগের রফিকুল ইসলাম বলেন, ‘আমাকে দল থেকে একক প্রার্থী করা হয়েছে।’ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুর আলম বলেন, ‘দল থেকে সিদ্ধান্ত যাই নেওয়া হোক, আমি নির্বাচন করব। প্রয়োজনে দল থেকে পদত্যাগ করব।’ পৌর জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ হোসাইন বলেন, দুই দলে একাধিক প্রার্থী থাকায় আমাদের অবস্থান এখন সবার ওপরে।