আ.লীগ-বিএনপির ঐক্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীরা সমঝোতা করে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন। সংশ্লিষ্ট লোকেরা বলছেন, জেলা আওয়ামী লীগের বিদ্রোহী নেতা ও সাবেক সাংসদ দেলোয়ার হোসেনের সমর্থক আইনজীবী প্যানেলকে মোকাবিলার জন্যই এই সমঝোতা। এর ফলে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থক সাধারণ আইনজীবীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তাঁরা বিষয়টি অনৈতিক বলে মন্তব্য করেছেন।আইনজীবীরা জানান, আগামী ৭ এপ্রিল জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থক আইনজীবী নেতাদের মধ্যে সমঝোতা অনুযায়ী, সমিতির ১৩টি পদের মধ্যে সভাপতি ও সহসম্পাদকসহ তিনটি পদ বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং সাধারণ সস্পাদকসহ ১০টি পদ আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ভাগাভাগি করে নেয়। সে অনুযায়ী গত ৬ মার্চ মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে দুই দলের সমর্থক প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। এতে সভাপতি পদে জেলা বিএনপির সহসভাপতি আব্দুল মজিদ তালুকদার ও আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবী নেতা সওগাতুল আলম হানিফ সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন। অপরদিকে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এমডি আনিচুর রহমান ও নজরুল ইসলাম সিকদার যথাক্রমে সভাপতি ও সাধারণ সস্পাদক পদে আলাদাভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। আনিচুর রহমান ও নজরুল ইসলামকে সমর্থন দেন সাবেক সাংসদ দেলোয়ারের সমর্থক হিসেবে পরিচিত জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি আব্দুল মোতালেব মিয়া। গত তিনটি নির্বাচনে দেলোয়ার সমর্থক হিসেবে পরিচিত আইনজীবী নেতারা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জয়ী হয়। মূলত, আওয়ামী লীগের বিদ্রোহী অংশকে প্রতিরোধ করে জয় নিশ্চিত করার জন্যই আওয়ামী লীগ-বিএনপির সমর্থিত আইনজীবী নেতাদের মধ্যে ঐক্য গড়ে তোলা হয়েছে বলে আইনজীবীরা জানান।জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আব্দুল আজিজ মিয়া বিষয়টি স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘ওনাদের (আওয়ামী লীগ) পক্ষ থেকেই এই প্রস্তাব করা হয়েছে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা বারবার নির্বাচনে জিতে যান। সে জন্য এবার বিএনপির সমর্থন পেলে তাঁরা জয়ী হবেন।’ সভাপতি পদপ্রার্থী ও বিএনপির নেতা আব্দুল মজিদ তালুকদার বলেন, ‘বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, আলাপ-আলোচনার পর্যায়ে আছে।’ এইক কথা বলেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী সওগাতুল আলম হানিফ। বিএনপি-সমর্থিত তরুণ আইনজীবী ও জেলা বিএনপির শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রিয়াজ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দলীয়ভাবে আলোচনা না করে আওয়ামী লীগের সঙ্গে ঐক্য করার বিষয়টি খুবই নিন্দনীয়। এটা কখনোই গ্রহণযোগ্য ও নৈতিক সিদ্ধান্ত হতে পারে না।’ সাবেক ছাত্রলীগের নেতা ও আইনজীবী মজিবুর রহমান ফরহাদ বলেন, ‘যেখানে সারা দেশে যুদ্ধাপরাধীদের বিচারসহ নানা যৌক্তিক ইস্যুতে বিএনপি ভিন্নমত পোষণ করে আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে পরাস্ত করার অপকৌশল চালাচ্ছে, সেখানে সেই দলের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আইনজীবী সমিতির মতো একটি স্পর্শকাতর সংগঠনে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া দলীয় শৃঙ্খলার পরিপন্থী।’ জেলা বিএনপির সাধারণ সস্পাদক এস এম নজরুল ইসলাম বলেন, ‘এ রকম কিছু হলে তীব্র নিন্দা জানাই। কারণ আওয়ামী লীগের সঙ্গে কোনোভাবেই আমাদের ঐক্য হতে পারে না।’ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর বলেন, ‘এ রকম সিদ্ধান্ত নিয়ে থাকলে তা কোনোভাবেই সমথর্নযোগ্য নয়। এতে দল ক্ষতিগ্রস্ত হবে, আমি বিষয়টি খতিয়ে দেখব।’