মেহেরপুরের গাংনীতে পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত ও ‘বিদ্রোহী’ প্রার্থী উভয়ই একাধিক মামলার আসামি। মামলার দিক দিয়ে পিছিয়ে নেই বিএনপির দুজনও। মনোনয়নপত্রের সঙ্গে নির্বাচন কমিশনে দাখিল করা প্রার্থীদের হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।
গাংনী পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আহম্মেদ আলী। হলফনামা ঘেঁটে দেখা গেছে, তাঁর বিরুদ্ধে একটি হত্যা ও একটি দুর্নীতির মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে এলাকায় সরকারি কর্মকর্তা, চিকিৎসক, প্রকৌশলী ও শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের মানুষকে মারধরের অভিযোগ আছে। আহম্মেদ আলীর শিক্ষাগত যোগ্যতা বিএসসি; পেশা ব্যবসায়ী।
মামলার ব্যাপারে জানতে চাইলে আহম্মেদ আলী বলেন, বিএনপির আমলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যা মামলা হয়েছিল। আর পাঁচ লাখ টাকা অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলাটিও উদ্দেশ্যপ্রণোদিত। এটা ঠিক হয়ে যাবে।
মামলার দিক দিয়ে আহম্মেদ আলীর চেয়ে এগিয়ে আছেন দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া আশরাফুল ইসলাম। দলের প্রার্থী হিসেবে তৃণমূল থেকে তাঁর নাম পাঠানো হলেও কেন্দ্র মনোনয়ন দেয়নি। জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুলের বিরুদ্ধে বর্তমানে অস্ত্র আইনেসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা বিচারাধীন। এর বাইরে তাঁর বিরুদ্ধে মারামারিসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা ছিল। এর মধ্যে ২০১২ সালেই হয় ১২টি। ১৫টিতেই তিনি খালাস পেয়েছেন।
আশরাফুলের শিক্ষাগত যোগ্যতা বিএসএস। পেশা কৃষি, স্ট্যাম্প ভেন্ডার, জুয়েলারি ব্যবসা, ওষুধের ব্যবসা, ঠিকাদারি, জমি ক্রয়-বিক্রয় ও টাওয়ার ভাড়ার ব্যবসা। তিনি বছরে প্রায় ৫০ লাখ টাকা আয় করেন। কৃষি-অকৃষিজমি রয়েছে ২০ বিঘা। গাংনী শহরে রয়েছে চারতলা বাড়ি। আশরাফুল ইসলামের ব্যক্তিগত মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আশরাফুল ইসলামের স্ত্রী ও গাংনী উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী শাহানা ইসলামও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। স্বশিক্ষিত শাহানা পেশায় ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। শাহানার বার্ষিক আয় ৩ লাখ ৫ হাজার টাকা। এ ছাড়া পৈতৃক সূত্রে তাঁর ১০ ভরি স্বর্ণালংকার আছে।
এদিকে গাংনী পৌর নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইনসারুল হক। তারঁ বিরুদ্ধে তিনটি মামলা চলমান। পেশায় ব্যবসায়ী ইনসারুলের শিক্ষাগত যোগ্যতা এসএসসি। দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। তাঁর বিরুদ্ধে ছয়টি মামলা বিচারাধীন। এ ছাড়া দুটিতে খালাস পেয়েছেন। উচ্চমাধ্যমিক পাস আসাদুজ্জামান পেশায় কৃষক। তাঁর কাছে নগদ আট লাখ টাকা ও ৫৫ ভরি স্বর্ণালংকার রয়েছে। মামলার বিষয়ে তিনি বলেন, এগুলো রাজনৈতিক হয়রানিমূলক মামলা।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হুজ্জাতুল ইসলাম ও জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী এস এম মর্তুজা আলমের বিরুদ্ধে কোনো মামলা নেই। হুজ্জাতুল স্নাতকোত্তর ও মর্তুজা এমবিএ পাস।
আওয়ামী লীগ ও বিএনপির এসব প্রার্থীর মামলা ও শিক্ষাগত যোগ্যতা বিবেচনায় নিয়ে এই মুহূর্তে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন স্থানীয় ভোটাররা। তবে শেষ পর্যন্ত তাঁদের মধ্য থেকেই কাউকে বেছে নেবেন তাঁরা। গাংনী পৌরসভার বাঁশবাড়িয়া, চৌগাছা, থানাপাড়া, শিশিরপাড়া ও মালশাদহ এলাকার কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে এমন আভাস পাওয়া গেছে। মালশাদহ ওয়ার্ডের একজন ভোটার নাম প্রকাশ না করার শর্তে বলেন, এঁদের মধ্যে যোগ্য প্রার্থী বের করা কঠিন। তবে শেষ পর্যন্ত কাউকে না কাউকে তিনি ভোট দেবেন।